নিজস্ব প্রতিনিধিঃ ফের মহাকুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা । বিহারের সাসারামের কাছে দুর্ঘটনায় প্রাণ হারালেন দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর এক আত্মীয়। সেইসঙ্গে জখম হয়েছেন আটজন । তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় আসতেই নেমে এসেছে শোকের ছায়া।
নিহত দুই মহিলা হলেন- লক্ষ্মী চক্রবর্তী (৪০) ও জিতু দাস (৩৮) । তারা দুজনেই উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল গ্ৰামের বাসিন্দা । স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাসরা গাড়ি নিয়ে যান মহাকুম্ভে । পূর্ণস্নান করে ফেরার পথে বুধবার ভোরে বিহারের সাসারামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি । আর তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান দুই মহিলা । সেইসঙ্গে জখম হয়েছেন তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস সহ তাঁর পরিবারের আটজন ।
এই প্রসঙ্গে দেগঙ্গা পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, ‘ কয়েকদিন আগেই ১০ জনকে সঙ্গে নিয়ে কুম্ভে যান তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস। সেখান থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে । । ঊজ্জ্বল ও রঞ্জন দাসের অবস্থা আশঙ্কাজনক।’ বলা বাহুল্য, কিছুদিন আগেই মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপ্লাডি গ্রামের তিন বাসিন্দা । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই ঘটনা ।
উল্লেখ্য, ১৪৪ বছর পর এসেছে পূর্ণ যোগ । তাই দেশের পাশাপাশি বাংলার নানা প্রান্ত থেকে কুম্ভে যাওয়ার হিড়িক চলছেই। প্রতিদিন প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এই আবহে কিছুদিন আগেই কুম্ভে ঘটে পদপিষ্টের ঘটনা । শুধু তাই নয় একাধিক বার তাঁবুতে লেগেছে আগুন । মেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । আর এবার মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার একের পর এক বাসিন্দা ।