নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: বাসভবনে জনশুনানি চলাকালীন এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হল দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিংকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ১৯৯২ ব্যাচের অফিসার সতীশ গোলচা। ডিরেক্টর জেনারেল অফ হোম গার্ডস এসবিকে সিংকে দিল্লি কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ১ অগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সিং ১৯৮৮ সালের এজিএমইউটি (অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল) ক্যাডারের এক অফিসার ছিলেন।
আইপিএস সতীশ গোলচাকে দিল্লির পুলিশ কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনিই দিল্লির কমিশনার পদে থাকবেন। বর্তমানে তিনি দিল্লির কারা বিভাগের ডিরেক্টর জেনারেল পদে (কারাগার) রয়েছেন। ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা। এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, “সক্ষম কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, শ্রী সতীশ গোলচা, আইপিএস (এজিএমইউটি: ১৯৯২), বর্তমানে দিল্লির মহাপরিচালক (কারাগার) হিসেবে নিযুক্ত, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন।”
সতীশ গোলচা ১৯৯২ ব্যাচের AGMUTক্যাডারের আইপিএস অফিসার। তিনি নিজের কঠোর মনোভাবের জন্য পরিচিত। গোলচা দীর্ঘ কর্মজীবনে বয়ে চলেছেন বিশাল প্রশাসনিক এবং পুলিশি অভিজ্ঞতা। বিশেষ করে দিল্লির আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় তিনি প্রশংসনীয়। ২০২৪ সালে আইপিএস অফিসার সঞ্জয় বেনিওয়ালের অবসর গ্রহণের পর গোলচাকে কারা বিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। তার আগে তিনি অরুণাচল প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেন। বছরের পর বছর ধরে গোলচা দিল্লি পুলিশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। স্পেশাল সিপি (ইন্টেলিজেন্স) হিসেবে সতীশ গোলচা উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব ছিল তাঁর উপর।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজ বাসভবনে যখন একটি জনশুনানিতে ব্যস্ত ছিলেন, তখন একজন ব্যক্তি নিজের অভিযোগ নিয়ে তাঁর কাছে যান। তারপর চুলের মুঠি ধরে মুখ্যমন্ত্রীকে চড় মারেন। অভিযুক্ত ব্যক্তিকে তৎক্ষণাৎ হেফাজতে নেয় পুলিশ। বছর ৩৫ এর ওই যুবক যেভাবে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছে দিল্লি বিজেপি। বিজেপি নেতা রমেশ বিধুরী এই প্রসঙ্গে বলেন, “আমার মনে হয় রেখা গুপ্তার উপর হামলার এই প্রচেষ্টা জনশুনানিকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে।”
বিজেপি নেতা তাজিন্দর বাগ্গা আবার বলেন, “জনশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার খবরে আমি মর্মাহত। আমি তাঁর নিরাপত্তা এবং দ্রুত আরোগ্য কামনা করি।” মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার নিন্দা করেছিল আম আদমি পার্টি।