নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বি আর গাভাই। গাভাই শনিবার বলেছেন যে ভারতের সংবিধান এমন একটি দলিল যা প্রতিটি সংকটে দেশকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে রেখেছে। তিনি এলাহাবাদ হাইকোর্ট আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি গাভাই অনুষ্ঠান চলাকালীন আরও বলেন যে, “এইমাত্র মেঘওয়াল (আইন ও বিচারমন্ত্রী) বলেছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দেশের সর্বাপেক্ষা পরিশ্রমী ও শক্তিশালী মুখ্যমন্ত্রী। আমি বলতে চাই এলাহাবাদের (প্রয়াগরাজের) জমি ক্ষমতাবান ব্যক্তিদেরই। যোগীজি খুবই শক্তিশালী।”
তিনি আরও বলেন, “সংবিধান তৈরির পর যখন এর চূড়ান্ত খসরা গণপরিষদের সামনে উপস্থাপন করা হয়েছিল তখন সেটি দেখে কেউ বলেছিলেন সংবিধানটি মাত্রাতিরিক্ত যুক্তরাষ্ট্রীয়, কেউ বলেছিল ঐকিক। সেই সময় ডঃ ভীমরাও রামোজি আম্বেদকর বলেছিলেন যে এই সংবিধান সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় বা ঐকিক নয়, তবে একটি বিষয় নিশ্চিত যে আমরা এমন একটি সংবিধান দিয়েছি যা শান্তি ও যুদ্ধ উভয় সময়েই ভারতকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখবে। স্বাধীনতার পর ভারত সংবিধানের নির্দেশনায় উন্নয়নের পথে এগিয়ে যায়। তখনও অনেক প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে লড়াই চালিয়েই যাচ্ছিল।” প্রধান বিচারপতি যে পরোক্ষে পাকিস্তান ও চিনকেই খোঁচা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
সংবিধানের ৭৫ বছরের যাত্রার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন যে এই সময়কালে আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সামাজিক ও অর্থনৈতিক সমতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে ন্যায়বিচার পৌঁছানো নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। এর জন্য আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”