নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পহেলগাঁও হামলা এবং তৎ পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে কাটা ছেঁড়া অব্যাহত। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদি সিঁদুর অভিযান নামকরণ করে রাজনীতির হোলি খেলেছেন। শুক্রবার শিবসেনা-ইউবিটি নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।
মুম্বইয়ে এক সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় রাউত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হামলায় জড়িত ছয় সন্ত্রাসী এখনও কেন অধরা, এই নিয়ে প্রশ্ন তোলেন। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে রাউত বলেন, “হয়তো সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিয়েছে, সেই কারণেই তাদের ধরা হচ্ছে না। পহেলগাঁওয়ের ছয় সন্ত্রাসীকে গ্রেফয়তার করা হচ্ছে না, কারণ হয়তো একদিন আপনি বিজেপি অফিস থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাবেন যেখানে বলা হবে যে ওই ছয়জন পদ্মশিবিরে যোগ দিয়েছে। তাই সবকিছু ভুলে যান।”
শিবসেনা-ইউবিটি নেতাকে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা রাম কদম রাউতের প্রতি তীব্র আক্রমণ করে বলেন, “এটি একেবারেই হাস্যকর একটি বক্তব্য। এটি আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি অপমান।” শিবসেনা দলকে আক্রমণ করে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে তিনি বলেন, “উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউতের মতো শিবসেনা-ইউবিটি নেতাদের মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত।”
শিবসেনা কিন্তু ধরি মাছ না ছুঁই পানি করে রাজ্যসভার সাংসদ রাউতের পাশেই থেকেছেন। দলীয় সদস্যের আক্রমণ এবং বিজেপির পাল্টা আক্রমণের জবাবে শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় নিরুপম বলেন, “উনি প্রতিদিনই এই ধরণের হাস্যকর মন্তব্য করেন। কিন্তু সত্য হল যে ইউবিটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক, কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও সবুজ সংকেত মিলছে না। শিবসেনা-ইউবিটি নেতারা তাই হতাশা থেকে এই ধরণের মন্তব্য করছেন।”