নিজস্ব প্রতিনিধি : পুজো মানেই আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেওয়া। পুজোর মাঝে খাওয়া দাওয়া তো হবেই। সামনেই লক্ষ্মী পুজো। পুজোর অন্যতম সঙ্গী হল খাবার। পেট পুজো না করে তৃপ্তি পায় ভোজনরসিক বাঙালি। বাড়িতে কি বানাবেন ভাবছেন ? তবে বানিয়ে নিতে পারেন ‘সয়া মুইঠ্যা।’ এটি যেমন প্রোটিনের ঘাটতি পূরণ করবে তেমনই মুখের রুচি ফেরাবে। তাই স্বাদ বদলাতে চাইলে বানিয়ে নিতে পারেন সয়া মুইঠ্যা । অল্প উপকরণেই খুব সহজেই প্রস্তুত করা যায়। রাতের বেলা ডিনারের কোন পরিকল্পনা থাকলে দুপুরের পাতে ঝুটঝামেলা ছাড়াই দিব্যি বানিয়ে নিতে পারেন সোয়াবিনের এই সুস্বাদু রেসিপি। একবার চেখেই দেখুন না হয় মাছ মাংসের স্বাদ ভুলিয়ে দেবে।জেনে নিন সহজ রেসিপি।
উপকরণ : ৩০০ গ্রাম মত সয়াবিন, আদা-কাঁচালঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো , স্বাদমত লবন ও চিনি , ধনেপাতা কুচি, বেসন ,পরিমাণ মতো তেল , ৪টি কাঁচালঙ্কা, আদা কুচি ,৮-১০টি কাজুবাদাম, দই, ৫-৬ টুকরো ভাজা আলু (ডুমো করে কাটা), লঙ্কা গুঁড়ো ও পরিমাণমত ঘি
প্রণালী : প্রথমে সয়াবিন সেদ্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নিন, অথবা শিল নোড়ায় বেটে নিতে পারেন। এবার একটি পাত্রে সয়াবিনের মিশ্রণ, আদা-কাঁচালঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, স্বাদমতো লবন ও চিনি, ধনেপাতা কুচি ও বেসন দিয়ে ভাল করে চটকে মেখে নিন।
এবার এই মিশ্রণটিতে অল্প করে হাতে তুলে মুইঠ্যার আকারে গড়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিন। এক্ষেত্রে মনের মত আকৃতি দিতে পারেন। এবার কাঁচালঙ্কা, আদা আর কাজু বাদামের একটি ঘন পেস্ট বানিয়ে নিন।
এবার একটি কড়াইতে সামান্য তেল দিয়ে ভাজা আলু দিয়ে দিন। এবার বেটে রাখা মশলা, সব রকম গুঁড়ো মশলা আর দই ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন। মিনিট দুয়েক পর ভেজে রাখা মুইঠ্যাগুলি দিয়ে খানিক ক্ষণ ঢেকে রাখুন। মিনিট পাঁচেক পর উপর থেকে ঘি, গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিন। গ্যাস বন্ধ করে দিন। আরও ২ মিনিট ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন সয়া মুইঠ্যা।