নিজস্ব প্রতিনিধি : আম হল ফলের রাজা, তাই তো স্বাদে গন্ধে সবার আগে।তবে বাজারে এখন পাকা আমের মরসুম পার হবার আগে বানিয়ে নিতে পারেন আমের এই সুস্বাদু পদ। অনেক তো খেয়েছেন আলু, চিকেন, মোচা, বেগুনের চপ। তবে এবার স্বাদবদল না হয় করেই ফেলুন। আম দিয়েই বানিয়ে নিন ঝাল নোনতা আমের চপ। বিকেলে চায়ের আড্ডায় ঝট করে বানিয়ে নিন এই পদ। জেনে নিন পদ্ধতি।
উপকরণ : ৩ টি পাকা আম, পরিমাণমত চালের গুঁড়ি, বেসন, আদা বাটা, গোটা জিরে, গোটা ধনে, কাঁচালঙ্কা, জোয়ান, হলুদ, লবন, লঙ্কা গুড়ো, মৌরি, লবন ও সাদা তেল
প্রণালী : প্রথমে আম বাছাই করতে হবে। আমের থেকে আঁটি বাদ দিন। গলা আম নিলে হবে না। একটু শক্ত আম নিতে হবে। আমগুলোকে খোসা ছাড়িয়ে সাবধানে মাঝারি টুকরো করে কেটে নিতে হবে। এরপর মিক্স মেশিনে বা হামাল দিস্তায় আদা, জোয়ান, কাঁচা লঙ্কা, মৌরি, গোটা ধনে ভাল করে থেঁতো করে নিন।
একটি পাত্রে বেসন, চালের গুঁড়ি, লবন, লাল লঙ্কা গুঁড়ো ভাল করে মিশিয়ে জল দিয়ে গুলে মসৃণ ব্যাটার করে নিন। এটি খুব পাতলাও হবে না। আবার খুব ঘনও হবে না। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে, আমের টুকরো গুলোকে বেসনের মিশ্রণে মাখিয়ে ডুবো তেলে এক এক করে ভেজে তুলুন।
পরিবেশনের আগে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন বিট লবন। এটি সোয় সস, চিলি সস অথবা ধনেপাতার চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগবে।