নিজস্ব প্রতিনিধি: নলেন গুড়ের নাম শুনলে জিভে জল আসবে না তাও আবার হয় নাকি ! বাঙালি মানেই পছন্দের তালিকায় রসগোল্লা, সন্দেশ, পায়েস তো থাকবেই। যদি নলেন গুড়েই যদি এসবের ছোঁয়া থাকে তাহলে তো সোনাই সোহাগা। করে দেখবেন নাকি নলেন গুড় দিয়ে নানা এক্সপেরিমেন্ট ? বছর তো শেষ হতে চলল। বছরের শেষ দিনটাও উদযাপন করুন মিষ্টান্ন দিয়েই। নলেন গুড় দিয়েই রইল ভিন্ন স্বাদের রেসিপি।
নলেন গুড়ের ফিউশন চকোলেট বরফি :
উপকরণ : ৬০০ গ্রাম খোয়া ক্ষীর, ৩৫০ গ্রাম নলেন গুড়, ১ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কোকো পাউডার, ৪-৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স আর ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক।
প্রণালী : ভাল দেখে নলেন গুড় হালকা আঁচে জাল দিয়ে পাতলা করে নিন। এবার আলাদা একটা নন-স্টিকের কড়াই গরম করে এতে খোয়া ক্ষীর দিয়ে কম আঁচে বসিয়ে রাখুন। খোয়া ক্ষীর একটু গলতে শুরু করলে ঘনঘন নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়।
অর্ধেক গলে গেলে এতে কনডেন্সড মিল্ক, নলেন গুড়, ছোট এলাচের গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন।কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ক্রিমের মতো ঘন হয়ে গেছে। তারপর আরও ৭ মিনিট মত মিশ্রণটি আঁচে বসিয়ে নাড়বেন। একটু থকথকে হয়ে গেলে নামিয়ে নিন।
আরও পড়ুন : এবার শীতে ট্রাই করুন কলার পিঠে, রইল রেসিপি
এবার একটা পাত্রে ঘি গ্রিজ করে নিয়ে ঢালুন। ঘি মাখানোর পাশাপাশি থালায় অল্প কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটি থালায় ঢালার পর উপর দিয়ে কোকো পাউডার ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বরফির আকারে কেটে নিয়ে পরিবেশন করুন।