নিজস্ব প্রতিনিধি : বর্ষায় মুখে কিছু রুচছে না ? সদ্যই শরীর খারাপ থেকে উঠেছেন ? এইসময় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা খুব বেশি করে প্রয়োজন।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাই স্বাস্থ্যকর খাবারের উপর নজর দেওয়া প্রয়োজন।মৌরলা মাছে রয়েছে ভিটামিন এ। সঙ্গে রয়েছে প্রোটিন ও আয়রন। অন্যদিকে মুখ তেতো হয়ে থাকলে মৌরলা মাছের টক বানিয়ে খেতে পারেন।এতে স্বাদও থাকবে, গুণও থাকবে। জেনে নিন সহজ পদ্ধতি।
উপকরণ : ২০০ গ্রাম মৌরলা মাছ,পাকা তেঁতুল(জলে ভেজানো), পাঁচফোড়ন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল ও স্বাদমতো লবন
প্রণালী : মৌরলা মাছ প্রথমে ভাল করে ধুয়ে নিন। লবন,হলুদ দিয়ে সর্ষের তেল গরম করে হালকা ভেজে নিয়ে তুলে নিন। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিন। এবার তেতুল গুলে ওর মধ্যে দিয়ে দিন। সামান্য জলও দিতে পারেন ঝোল করতে চাইলে। এরপর স্বাদমতো লবন,হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। জল ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার গরম গরম ভাতে উপভোগ করুন মৌরলা মাছের টক।