নিজস্ব প্রতিনিধি : আর কটা দিন,এরপরেই মর্ত্যে নেমে আসবে আদ্যাশক্তি মহামায়া। দেবী জগদ্ধাত্রী, যিনি সমগ্র জগতকে ধারন করে আছেন। এইসময় তো ভালমন্দ হবেই। তবে অনেকে আছেন যারা অত্যাধিক তেল-মশলা খেতে পারেন না। তাঁদের জন্য রইল বিশেষ রেসিপি। মোঘল আমল থেকে চলে আসছে এই পদ। স্বাদে ঐতিহ্যে তুলনাহীন বলা চলে। এই পদ অশ্য দম রান্না বা অল্প আঁচে রান্না করা হয়। মুরগি শব্দটির সঙ্গে জড়িয়ে আছে সংস্কৃতি। আগেকার দিনে ঘরে জামাই এলে মোরগ-মুরগির খোঁজ পড়ত। এখনও অবশ্য এই চল রয়েছে। দম মুর্গ কালিমির্চ তৈরি হয় সামান্য কিছু মশলা দিয়ে। এমনকী তেলও দেওয়া হয় না। এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করার নিয়ম নেই। তা হলে জেনে নিন কীভাবে বানাবেন ‘দম মুর্গ কালিমির্চ’।
উপকরণ : ৬০০ গ্রাম চিকেন, ৪ টি টমেটো, কাঁচা লঙ্কা, ১ আঁটি ধনেপাতা,৫০ গ্রাম মাখন, গোলমরিচের গুঁড়ো, লবন ও স্বাদমত লেবুর রস
প্রণালী : প্রথমে চিকেনের টুকরোগুলিকে বড় বড় কেটে নিতে হবে। খুব ভালো করে মাংসের টুকরো ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার টমেটো ডুমো ডুমো করে কেটে নিন। কাঁচালঙ্কা কুচিয়ে নিন ঝালের পরিমাণ অনুযায়ী।ধনেপাতা যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার মাখন গলিয়ে নিন।
মাংসে টমেটোর টুকরো, কাঁচালঙ্কা কুচো, মাখন, লবন এবং গোলমরিচের গুঁড়ো ভালো করে মিখিয়ে নিন।কড়াইয়ে মশলা মাখানো মাংস রেখে দিন। তার পর গ্যাসের আগুন ধরিয়ে মাংস ভরতি কড়াই বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিন। একেবারে কম আঁচে সেদ্ধ করে নিতে হবে। মাংস দমে সিদ্ধ হবে।মাঝে মাঝে মাংস নেড়েচেড়ে দেবেন। মাংস একেবারে সেদ্ধ হয়ে গেলে উপরে ধনে পাতা এবং লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ব্যস রেডি দম মুর্গ কালিমির্চ। এটি ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনও জিনিসের সঙ্গে খেতে পারেন। সঙ্গে পছন্দমত সস দিয়ে পরিবেশন করতে পারেন।