নিজস্ব প্রতিনিধি : পুজোর গন্ধে মো মো করছে গোটা পাড়া।সামনেই মহালয়া।পুজোর কেনাকাটা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন ! বিকেলে কী ভাজাভুজি খেতে মন চাইছে ? তবে চায়ের সঙ্গে ‘টা’ হলে তো মন্দ হয় না। পড়ন্ত বিকেলে কি বানাবেন ভাবছেন? তবে চিকেন দিয়েই বানিয়ে নিন সুস্বাদু এই স্ন্যাকস।রেস্তেরাই তো প্রায় খেয়েছেন ফ্রায়েড চিকেন। একবার বাড়িতে বানিয়ে দেখুনই না। স্বাদ হবে দারুণ। বিকেলে এর থেকে ভাল স্ন্যাকস পাবেন কোথায়? জেনে নিন সহজ পদ্ধতিতে রেস্তেরার স্বাদে কীভাবে বানাবেন ফ্রায়েড চিকেন।
উপকরণ : ৫টি চিকেন লেগ পিস, ২ টো ডিম, ১ কাপ ময়দা, আদা-রসুন বাটা, আদা-রসুন পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, সয়া সস, লবন ও লঙ্কার গুঁড়ো
প্রণালী : প্রথমে চিকেন লেগ পিসগুলিকে একটি বড় পাত্রে নিয়ে তার সঙ্গে লবন, রেড চিলি সস্, সয়া সস আদা-রসুন বাটা, লেবুর রস ও ডিম ভাল করে চটকে মেখে নিন। এবার এই মিশ্রণটি ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন।
এবার আর একটি পাত্রে ময়দা, লবন, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। এবার লেগ পিসগুলিতে ময়দার মিশ্রণ মাখিয়ে সেগুলি ঠান্ডা বরফ জলে ডুবিয়ে নিন। তার পর আবার সেগুলি ময়দার মিশ্রণে এ পিঠ-ও পিঠ করে গরম তেলে বাদামি করে ভেজে নিন। ব্যস রেডি রেস্তেরা স্টাইলে ফ্রায়েড চিকেন। এবার গরম গরম পরিবেশন করুন। উপরে সয়া সস ও চিলি সস দিয়ে উপভোগ করুন।