নিজস্ব প্রতিনিধি : শুধু কী বর্ষাতেই ইলিশের চল ? শীতেও বাঙালি ইলিশে মজবে না তা কি হয় ? যত দিন যাচ্ছে, ইলিশের জোগানও বাড়ছে বাজারে। তাই পকেটসই দামে ইলিশ ঘরে আনতে শুরু করেছে বাঙালি। বাজার থেকে পাকা ইলিশ কিনে এনে বানিয়ে নিন এই দুর্দান্ত পদ। তবে শুধু ইলিশ নয় এর সঙ্গে আবার বেগুনের ছোঁয়া। ইলিশ বাড়িতে এলেই খোঁজ পড়ে সর্ষের, আবার নয়তো টকের জন্য তেঁতুল। কায়দা করে ইলিশ দিয়ে সহজ-সরল ভাবে বানিয়ে নিন বেগুন ইলিশ ঝোল।
উপকরণ : ৭ টুকরো ইলিশ মাছ, শুকনো লঙ্কা, লেবু ১ টা, হলুদ, ধনে, জিরে, কালো জিরে, লঙ্কা ও ভাজা জিরে গুঁড়ো ১/২ চা চামচ করে, গোল মরিচ গুঁড়ো ১/২ চা চামচ, গোটা গোল মরিচ ৩-৪ টি, রাঁধুনি ফোড়নের জন্য সামান্য, তেঁতুল টক, চিনি, লবন ও তেল
প্রণালী : প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেগুন হালকা করে ভেজে আলাদা করে রাখুন। কেবল ভাজা বেগুনগুলো আলাদা করে তুলে রাখুন। এবার ওই তেলে লঙ্কা, কালো জিরে ও রাঁধুনি ফোড়ন দিয়ে একে একে গোটা মরিচ, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, লবন দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিন। ওর মধ্যে দিয়ে দিন তেঁতুল টক। সামান্য চিনিও দিয়ে দিতে পারেন। এবার ঢিমে আঁচে ফুটতে দিন। ঝোল ফুটে এলে এতে ইলিশ মাছের টুকরো দিন।
এরপর তাতে যোগ করুন ভেজে রাখা বেগুন। সে সব সেদ্ধ হয়ে এলে ভাজা জিরে গুঁড়োও গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই প্রস্তুত আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল। অনেকেই এই রান্নায় পিঁয়াজ দেন, তবে পিঁয়াজ ইলিশের গন্ধ নষ্ট করে দেয়। তাই পেঁয়াজ ছাড়া রাঁধুন বেগুন-ইলিশের ঝোল।