নিজস্ব প্রতিনিধি : ঘন ঘন আবহাওয়া পাল্টাচ্ছে। এইসময় সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে তাই পুষ্টিকর খাবার ও ভাল অভ্যেসের প্রতি ধ্যান দেওয়া উচিত। মুখের স্বাদ বদলাতে চান ? অথচ খাবার হওয়া চাই ভিটামিন সমৃদ্ধ। ছোট মাছ আকারে ছোট হলেও পুষ্টিতে কিন্তু কম নয়। সামনেই কালীপুজো। সুস্থ থাকতে চাইলে তাই বাজার থেকে থলি ভর্তি চুনো মাছ’ই কিনে আনুন। আর কম সময়ে বানিয়ে নিন মুখরোচক ‘চচ্চড়ি’। তবে এর সঙ্গে যোগ হবে আমচুর, ব্যস স্বাদ আর দেখে কে..। তাই কালীপুজোর আগেই বানিয়ে নিন ‘চুনো মাছের টক’।
উপকরণ : ২০০ গ্রাম চুনো মাছ, ২ চা চামচ আমচুর, টমেটো ২ টো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী সামান্য পেঁয়াজ কুঁচি, স্বাদ অনুযায়ী লবন, সরষের তেল ও লেবুর রস সামান্য।
প্রণালী : প্রথমে চুনো মাছ গুলোকে ভাল করে বেছে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। এরপর লবন, হলুদ ও সামান্য লেবুর রস মাখিয়ে নিন। যদি ভেজে নিতে চান তবে সামান্য ভেজে নিতে পারেন। তবে না ভাজলেও চলবে। তবে ভাজার ক্ষেত্রে মনে রাখবেন খুব বেশি ভাজবেন না।
এরপর একটি কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। এবার পেঁয়াজ সামান্য ভেজে নিয়ে এক এক করে বাটা মশলা গুলো দিয়ে কষিয়ে নিন ভাল করে। এবার এর মধ্যে টমোটো গুলো দিয়ে দিন। সামান্য জলও দিতে পারেন। এরপর উপর থেকে লেবুর রস দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরমধ্যে আমচুর দিয়ে দিন। এবার ওর মধ্যে পরিমান মতো লবন,হলুদ দিতে হবে। আরও একবার নেড়েচেড়ে কষাতে থাকুন। কমপক্ষে ৭-৮ মিনিট কষিয়ে নিন। তারপর ভাজা মাছ গুলো দিয়ে দিন ওর মধ্যে। ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস রেডি চুনো মাছের টক। যেমন ঝোল রাখতে চান সেই হিসেবে জল দেবেন।