নিজস্ব প্রতিনিধি : চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজো পুজো রব। প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথে চলছে, এরই সঙ্গে চলছে আলোক সজ্জার কাজ। তাল মিলিয়ে চলছে শেষ মুহূর্তের শপিং। এদিকে উমা আসতে আর বেশি দেরী নেই। এরপরই দেবী পক্ষের শুরু হবে। আর সত্যি তো বাঙালির উৎসব মানে ভুড়ি ভোজ। এইসময় ভালমন্দ না খেলে কী চলে। স্বাদ বদলাতে চান ? তবে বানিয়ে নিন ভিন্ন স্বাদের আনারসী ফ্রাইড রাইস। ছেলে থেকে বুড়ো চেটেপুটে খাবে সকলে। দুপুরের পাতে ভাতের বদলে না হয় বানিয়ে নিন ফ্রাইড রাইস, তাও আবার আনারসের সঙ্গে। জেনে নিন তৈরির সঠিক পদ্ধতি।
উপকরণ : পরিমাণমত চাল,তিলের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা,সয়া সস, অলিভ অয়েল, রসুন , ভুট্টা, গাজর, মটর ৪ কাপ, আনারসের টুকরো , পেঁয়াজ কুচি, লেবু, পনির, গোলমরিচ, আদা ও লবন
প্রণালী : প্রথমে পনির গুলোকে ভেজে তুলে রাখুন অন্য একটি পাত্রে। আনারস ও চাল সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে টগবগ করে ফুটলে নামিয়ে নিন।
এবার একটি পাত্রে সয়া সস, তিলের তেল, গোলমরিচ ও আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ওর মধ্যে রসুন, পেঁয়াজ দিয়ে ৫ মিনিট পর্যন্ত রান্না করুন। এবার তাতে গাজর, ভেজানো মটর, ভুট্টা ও বাকি সবজি দিয়ে রান্না করুন। অন্তত ৫ মিনিট পর্যন্ত রান্না হতে দিন। এরপর লবন দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখুন। সামান্য জলও ব্যবহার করতে পারেন।
সবজি সেদ্ধ হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা আনারস ও সেদ্ধ করে রাখা চাল, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। অন্তত ৫ মিনিট ভাল করে নাড়ুন। এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দিন। আরও ৩ মিনিট রেখে নামিয়ে নিন। এবার উপর থেকে ধনেপাতা ও পাতিলেবুর রস দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন আনারস ফ্রাইড রাইস।