নিজস্ব প্রতিনিধি : বহু বাঙালি বাড়িতেই সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী পালন করা হয়। এইদিন সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মায়েরা। শীতল ষষ্ঠীতে গরম কোনও খাবার খাওয়ার নিয়ম নেই। তাই সরস্বতী পুজোর সন্ধ্যায় গোটাসেদ্ধ রান্না করে রাখা হয়। তবে অনেক বাড়িতেই এই গোটাসেদ্ধ রাঁধার চল নেই। এইদিনে কি রাঁধবেন ভাবছেন ? তবে বানিয়ে ফেলুন না হয় স্বাদে-গন্ধে ভরপুর এই পদ।
উপকরণ : ৭ টি ছোট আলু, ১০-১৫ টি কড়াইশুঁটি, ৬টি সিম ও ছোট বেগুন, কচি ৩ আঁটি পালংশাক, ও ৩ আঁটি শীষপালং, ৬টি রাঙা আলু, কাঁচা মুগডাল আধ কাপ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা ৩-৪টি, লবন পরিমাণ মত, চিনি স্বাদ মত ও সর্ষের তেল
প্রণালী : প্রথমে ডাল ও সবজি ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে রাখতে হবে। এরপর ছোট একটি পাত্রে পরিমাণ মতো হলুদ, ধনে, জিরে এবং লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে নিন। এবার বড় একটি পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিন। এর মধ্যে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। এবার একে একে সবজি গুলো দিতে শুরু করুন। এর পর দিয়ে দিন মুগডাল। এই সময়েই দিয়ে দিন পরিমাণ মতো লবন ও চিনি। শাক এবং বেগুন সবার শেষে দিতে হবে। সবজি থেকে জল বেরোতে শুরু করবে। সেই জলেই গোটা বিষয়টি সেদ্ধ হবে। শাক-সবজি একটু ভাজা ভাজা হলে গুলে রাখা মশলার মিশ্রণ দিয়ে দিন। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই।গোটার একটা নিজস্ব গন্ধ আছে। সব কিছু সেদ্ধ হয়ে গেলেই সেই গন্ধ বেরোতে শুরু করবে। মাখো মাখো হয়ে এলেই গ্যাস বন্ধ করে দিন।