আন্তর্জাতিক ডেস্ক : আমেদাবাদের পর বাংলাদেশের ঢাকায় ভেঙে পড়ল বিমান। একই কায়দায় ভেঙে পড়েছে বিমান। বাংলাদেশের রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানীর উত্তরায় সোমবার (২১ জুলাই) দুপুর ১টার নাগাদ মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ভিড় জমিয়েছে। সেই ভিড়ের কারণে উদ্ধার কাজে দেরি হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি আকাশে ওড়ে। আকাশে ওড়ার বেশ কিছুক্ষণ পরেই প্রায় দেড়টা নাগাদ সেটি কলেজের মাঠে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। জানা গিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের হায়দার হলেও আগুন লেগে গিয়েছে।দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচ হাসপাতালে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের আমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। সেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭০ জনের বেশি মানুষের। সেই আতঙ্ক কাটিয়ে ওঠার আগেই পড়শি দেশে বিমান দুর্ঘটনা। তবে নজর থাকবে মৃত্যুর হারের দিকে।