নিজস্ব প্রতিনিধি, নাটোর: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন থামছেই না। বরং দিন দিন বেড়ে চলেছে। এবার রাজশাহীর নাটোরে এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে হামলা চালাল বিএনপি গুন্ডারা। বাড়িতে ঢুকে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেছে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে প্রহৃত হয়েছেন ব্যবসায়ীর অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা। সবচেয়ে ন্যক্করজনক বিষয় হল, ওই ব্যবসায়ীকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধারের পরিবর্তে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে নিন্দা আর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যদিও স্থানীয় থানার ওসি সিরাজুল ইসলাম স্পষ্টতই বলেছেন, ‘বাংলাদেশে বসবাস করতে হলে এই অত্যাচার তো হিন্দুদের সহ্য করতেই হবে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘প্রহৃত ব্যবসায়ীর নাম উজ্জ্বল কুমার মণ্ডল। তিনি নাটোরের বনপাড়া পুরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের ঘনিষ্ঠ হিসাবেই এলাকায় পরিচিত ছিলেন। গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই হামলার ভয়ে গা ঢাকা দেন উজ্জ্বল। শেষ পর্যন্ত তিন মাস বাদে অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বুধবার দুপুরে বাড়িতে ফেরেন। আর উজ্জ্বলের বাড়ি ফেরার খবর জানতে পেরেই গতকাল শুক্রবার তাঁর বাড়িতে চড়াও হয় স্থানীয় বিএনপি’র সন্ত্রাসীরা। তাদের নেতৃত্ববে ছিলেন বনপাড়া পুর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা উজ্জ্বলকে বেধড়ক পেটাচ্ছেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে উজ্জ্বলের বৃদ্ধ মা–বাবাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ফের এগিয়ে এলে তাঁদের মারধর করা হয়। স্বামী-শ্বশুর-শাশুড়িকে মাড়ধড় না করার জন্য কাতর অনুনয়-বিনয় করতে থাকেন উজ্জ্বলের অন্তঃসত্ত্বা স্ত্রী। তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ফের তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ জানান। যদিও তাতে কর্ণপাত করেননি বিএনপি সন্ত্রাসীরা। মারধরে জ্ঞান হারান উজ্জ্বল। এর পর সন্ত্রাসীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে উজ্জ্বলকে গ্রেফতার করে।