নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা পূরণ হয়েছে মতো ইউএস ওপেনে। চতুর্থ রাউন্ডে পোউঁছে গিয়েছে নোভাক জোকোভিচ, টেলর ফ্রিৎজ, অ্যারিনা সাবালেঙ্কা, জেসিকা পেগুলা। তবে সবটাই যে শুধু ভাল হয়েছে তা কিন্তু নয়। বরং শুক্রবার ঘটে গিয়েছে বেশ কয়েকটি অঘটনও। যেমন তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন এমা নাভারো, এমা রাডুকানু, ফ্রান্সিস টিয়াফো, মিরা আন্দ্রিভা, বেন শেলটন, জেসমিন পাওলিনির মতো তারকা। এর মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে কার্লোস আলকারাজের হাঁটুর চোট ঘিরে।
তৃতীয় রাউন্ডেও এক সেট হেরেছেন জোকোভিচ। মোট ২ ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ে তিনি হারিয়েছেন বিশ্বের ৩৫ নম্বর ব্রিটেনের ক্যামেরন নরিকে। ৬-৪, ৬-৭ (৪-৭), ৬-২, ৬-৩ গেমে জোকোভিচ হারিয়েছেন নরিকে। দূরন্ত ফর্মে থাকা জোকোভিচের সামনে কার্যত দ্বিতীয় সেট ছাড়া বাকি ম্যাচে দাঁড়াতেই পারেননি ব্রিটেনের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। তার ফলে ফের নজির গড়ে ফেলেছেন জোকো। হার্ড কোর্টে ১৯২তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে নিয়ে ভেঙে দিয়েছেন রজার ফেডেরারের ১৯১টি ম্যাচ জেতার রেকর্ড। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল। গ্র্যান্ড স্ল্যামে হার্ড কোর্টে তাঁর জয়ের সংখ্যা ১৪৪।
পিছিয়ে নেই মহিলারাও। মেয়েদের সিঙ্গলসে প্রিকোয়ার্টার ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। তিনি সরাসরি সেটে হারালেন কানাডার লেইলা ফার্নান্ডেজকে। সাবালেঙ্কার পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৭-৬ (৭-২)। সাবালেঙ্কারের ম্যাচ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। এ নিয়ে পরে সাবালেঙ্কা বলেন, ‘‘মনে হয় এই প্রথম কোনও ম্যাচের মাঝে কাউকে বিয়ের প্রস্তাব দিতে দেখলাম। মুহূর্তটা খুব সুন্দর ছিল। ওঁরা নিশ্চই খুশি হয়েছেন। ব্যাপারটা ভাল লাগলেও তখন হাসি চেপে রাখার চেষ্টা করেছি। কারণ তখন ওটা নিয়ে বেশি ভাবলে মনঃসংযোগ নষ্ট হতে পারত। আমি ম্যাচের মধ্যে থাকতে চাইছিলাম। ওঁদের দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা থাকল।’’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন যখন গ্যালারিতে এই ঘটনা ঘটছিল তখন সেখানে ছিলেন তাঁর প্রেমিক জর্জিয়োস ফ্রাঙ্গুলিস।
তৃতীয় রাউন্ডে সহজ জয় ঝুলিতে এসেছে মহিলাদের চতুর্থ বাছাই পেগুলাও। তিনি ৬-১, ৭-৫ ব্যবধানে হারিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন পুরুষদের চতুর্থ বাছাই ফ্রিৎজ। তাঁর কাছে হেরেছেন সুইৎজারল্যান্ডের জেরম কিম। ফ্রিৎজ জেরক কিমকে হারিয়েছেন ৭-৬ (৭-৩), ৬-৭ (৯-১১), ৬-৪, ৬-৪ ব্যবধানে। নরির মতোই তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন ব্রিটেনের অন্যতম ভসা রাডুকানুও। তাঁকে ১-৬, ২-৬ ব্যবধানে হারতে হয়েছে এলিনা রাইবাকিনার কাছে।
ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন মহিলাদের পঞ্চম বাছাই আন্দ্রিভাও। তিনি হেরেছেন টেলর টাউনসেন্ডের কাছে। আন্দ্রিভার পক্ষে ফল ৫-৭, ২-৬। ইউএস অভিযান শেষ হয়ে গেল মহিলাদের দশম বাছাই নাভারোরও। তিনি তৃতীয় রাউন্ডের ম্যাচে ৬-৪, ৪-৬, ৪-৬ ব্যবধানে হেরে গেলেন চেচিয়ার বাছাই না হওয়া খেলোয়াড় বার্বোরা ক্রেজিকোভার কাছে। চতুর্থ রাউন্ডে উঠতে ব্যার্থ হয়েছেন সপ্তম বাছাই পাওলিনি। তাঁকে ৭-৬ (৭-৪), ৬-১ ব্যবধানে হারিয়ে দিলেন চেচিয়ার মার্কেটা ভন্দ্রোসোভা। বিদায় নিয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেনস। তাঁকে ৩-৬, ৭-৫, ৬-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন খেলোয়াড় ক্রিস্টিনা বুসা।
তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন পুরুষদের ষষ্ঠ বাছাই আমেরিকার বেন শেলটনও। চোটের কারণে চার সেটের পর ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। খেলা শেষ হওয়ার সময় তাঁর পক্ষে ফল ছিল ৬-৩, ৩-৬, ৬-৪, ৪-৬। বিদায় নিলেন ১৭তম বাছাই আমেরিকার টিয়াফোও। তাঁকে ৬-৪, ৬-৩, ৭-৬ (৯-৭) ব্যবধানে হারালেন বিশ্বের ১৪৪ নম্বর জার্মানির জান-লেনার্ড স্ট্রাফ। হারলেন ২০তম বাছাই চেচিয়ার জিরি লেহেচা। তাঁকে ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে দিলেন বেলজিয়ামের অবাছাই খেলোয়াড় রাফায়েল কলিগনন। প্রথম রাউন্ডে দানিল মেদভেদেভকে হারিয়ে চমকে দেওয়া ফ্রান্সের বেঞ্জামিন বনজ়িও ছিটকে গেলেন ইউএস ওপেন থেকে। তিনি তৃতীয় রাউন্ডে হারলেন স্বদেশীয় আর্থার রিন্ডারনেখের কাছে। ম্যাচের ফল বিশ্বের ৮২ নম্বরের পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৩, ৬-২।