নিজস্ব প্রতিনিধি, পটনা: পটনায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পটনার শাহজাহানপুর থানা এলাকার সিগারিয়ামার কাছে একটি বড়সড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি অটো এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৭ জন মহিলা এবং ১ জন পুরুষ।
গ্রামীণ পুলিশ সুপার এই প্রসঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গঙ্গায় স্নান করতে অটোতে করে ফতুহা যাচ্ছিলেন সকলেই। তখনই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে চম্পট দেয়। স্থানীয়রায় পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পটনা হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ও নিহতরা সকলেই নালন্দা জেলার হিলসা থানা এলাকার রেরি মালমা গ্রামের বাসিন্দা। শনিবার সকালে গঙ্গায় স্নান করতে ফতুহা যাচ্ছিলেন তাঁরা । পথে যেতে আল্ট্রাটেক কারখানার কাছে একটি ট্রাকের সাথে পুণ্যার্থীদের অটোর সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাতজন নিহত হন, এবং একজন হাসপাতালে মারা যান। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। পলাতক ট্রাক চালকের খোঁজে জারি রয়েছে তল্লাশি।
বিহারে প্রায়ও পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত জুলাই মাসে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। জামুই-লখিসরাই সড়কের মাঞ্জওয়া গ্রামের কাছে কোনিয়া বাহিয়ারে একটি অটো পেছন থেকে সজোরে একটি ট্রাককে ধাক্কা দেয়। তার ফলে অটোতে থাকা ৬ পড়ুয়ার মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মারা যান। বাকিরা গুরুতর আহত হন।