নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: “বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসে। আর পাঁচ বছরে একবার পাগলু ড্যান্স করে চলে যান। মানুষ ভোট দিয়ে দেয়। তারপর সারা বছর ধরে গালাগাল করতে থাকেন। একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা। ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল। উনি মানুষকে ধোঁকা দিয়েছেন। তিন তিনবার সাংসদ হয়েও ঘাটালের অবস্থার পরিবর্তন করতে পারেননি।” বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
দিলীপ ঘোষ বন্যা পরিদর্শন করার পর কার্যত, দেবের উপর ক্ষোভে ফেটে পড়েন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায়, কিন্তু উনি তিনবারের সাংসদ হয়েও বন্যা পরিস্থিতি যে এলাকায় হয় সে এলাকার কোন পরিবর্তন করতে পারেননি। মন্তব্য দিলীপ ঘোষের। অন্যদিকে,এখনো প্লাবিত ঘাটালের বিভিন্ন এলাকা। আর এই জল যন্ত্রণার মাঝেই ঘাটালে বুধবার যান সাংসদ দীপক অধিকারী (দেব)(Deepak Adhikari)। তিনি এসে পৌছান ঘাটালের মহকুমাশাসক কার্যালয়ে। ঘাটালে সার্বিক পরিস্থিতি ও বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি।পরে যান ঘাটাল কলেজে ।এছাড়াও ছিল তাঁর একাধিক কর্মসূচি।
এদিন দেব ছাড়াও উপস্থিত আছেন স্বাস্থ্য সচিব, পিএইচই(PHE) দফতরের সচিব, জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে শুরু করে একাধিক রাজ্য প্রশাসনের আধিকারিকেরা।চলতি বছরে দুই মাসে ঘাটালের মানুষ চারবার বন্যার মুখোমুখি হয়েছেন। ঘাটালের (Ghatal)সাংসদ দীপক অধিকারী দেব বুধবার যান সেখানে। তার আগে ঘাটালের বিভিন্ন এলাকায় দেবের নামে পোষ্টার পড়ল।দেবকে প্রতারক এমপি এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে প্রতারক সেচমন্ত্রী বলে পোস্টারের ছড়াছড়ি ঘাটালের বিভিন্ন এলাকায়। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এবং বিজেপি কর্মী ও সমর্থকরা এই পোস্টার লাগিয়েছিল ।ঘাটাল মাস্টারপ্ল্যান সহ একাধিক ইস্যুতে দেব ও মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি বিধায়ক শীতল কপাট।