নিজস্ব প্রতিনিধি: ফিফা আয়োজিত ক্লাব বিশ্বকাপে ইউরোপের সেরা প্যারিস সঁ জঁরমকে হারিয়ে শিরোপা জয় করেছে ইংলিশ প্রিমিয়ার ক্লাব চেলসি। আর মাসকালব্যাপী চলা ওই প্রতিযোগিতার সেরা একাদশ বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওই একাদশের অধিকাংশই ফাইনালে মুখোমুখি হওয়া দুই দল পিএসজি ও চেলসি। প্রতিযোগিতায় সাড়া জাগানো ব্রাজিলের ফ্লুমিনেন্স, পালমেইরাস ও সৌদি আরবের আল হিলালেরও বেশ কয়েকজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে বিস্ময়ের হল বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির মতো ইউরোপের নামজাদা ক্লাবগুলোর কোনও খেলোয়াড়ই প্রথম একাদশে জায়গা করে নিতে পারেনি।
সদ্য সমাপ্ত ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি ক্লাব। বিশ্বকাপের মতোই ফরম্যাটে আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বড় ক্লাবগুলোর সঙ্গে সমানতালে টক্কর দিয়েছে অনামী ক্লাবগুলো। ব্রাজিলের ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তরুণ ফরোয়ার্ড হারকিউলিস। শেষ দুই ম্যাচে বদলি নেমে গোল করেছিলেন তিনি। ওই পারফরম্যান্সের জন্য দলে জায়গা পেয়েছেন। রক্ষণে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। তিনিও রয়েছেন সেরা একাদশে। এছাড়া আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো, ফাইনালসহ পুরো টুর্নামেন্টে আলো কাড়া চেলসির ইংলিশ মিডফিল্ডার কোলে পালমারও জায়গা করে নিয়েছেন। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ রয়েছেন। ভিতিনহার সঙ্গে সেরা একাদশে জায়গা পেয়েছেন পিএসজির আশরাফ হাকিমি ও ডিফেন্ডার মার্কুইনোস।
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), মার্কুইনোস, থিয়াগো সিলভা (সেন্ট্রাল ডিফেন্ডার), আশরাফ হাকিমি, মার্ক কুকুরেয়া (ফুল ব্যাক), এনজো ফার্নান্দেজ, ভিতিনহা (মিডফিল্ডার), পেদ্রো নেতো, কোলে পালমার, হারকিউলিস, গঞ্জালো গার্সিয়া (ফরোয়ার্ড)।