নিজস্ব প্রতিনিধি, বৈষ্ণবনগর : হিন্দু বৃদ্ধের মৃতদেহ সৎকারের কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। শেষকৃত্য সম্পন্ন করলেন তাঁরা। এমনই সম্প্রীতির ছবি দেখা গেল মালদহে বৈষ্ণবনগর থানার হযরত হাজিপাড়া গ্রামে।
জানা গিয়েছে, গোটা গ্রামে একটি পরিবার হিন্দু পরিবার। সুখে দুঃখে সকলেই এক সঙ্গে থাকেন তাঁরা। বিপদে আপদে কখনও বাধা হয়নি হিন্দু মুসলিম বিষয়টি। সবসময় একসঙ্গেই থেকেছেন তাঁরা। গ্রামের হিন্দু বৃদ্ধ লক্ষ্মী রবিদাসের মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যু হলে শেষকৃত্যের কাজে এগিয়ে আসেন প্রতিবেশী মুসলিমরাই। নিজের হাতে খাট তৈরি করে নিজেরাই কাঁধের চাপিয়ে মৃত বৃদ্ধকে গাড়িতে তুলেছেন তাঁরা। এখানেই ফের প্রমাণিত হল সবার ওপরে মানুষ সত্য।
বর্তমান সময়ে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সেখানে মালদায় দেখা গেল অন্য ছবি। এদিন বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে নয়, সবসময় একে অপরকে পাশে থাকতে দেখা গিয়েছে আগেও। গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকেই একসঙ্গে কোনও জাত-পাত না মেনে একসঙ্গে বসবাস করেন তাঁরা। দেওনাপুর হযরত হাজিপাড়া গ্রামটি মূলত মুসলিম অধ্যূষিত গ্রাম। এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস। সেই পরিবারের পাশেও সবসময় থাকেন মুসলিমরা। এদিনও তাঁর অন্যথা হয়নি। সেখানে জাত-পাত নিয়ে রাজনীতি চলছে সর্বত্র, সেখানে এই ছবি সত্যিই স্বস্তি দেয়। ধর্মের বেড়াজাল সরিয়ে হিন্দু বৃদ্ধের শেষকৃত্যে হাত মেলালেন মুসলিম প্রতিবেশীরা। নিজেরাই ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সাম্প্রদায়িক ভেদাভেদের কোনও জায়গা নেই।