নিজস্ব প্রতিনিধি : স্কুলে যাওয়ার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইকের ধাক্কায় হিঙ্গলগঞ্জে মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষিকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কিষাণ মান্ডি এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হাসনাবাদ টু লেবুখালী রুটের হিঙ্গলগঞ্জের কিষান মান্ডির সামনে দাঁড়িয়েছিলেন বছর ৬৩ দিপালী মন্ডল। ১১নম্বর স্যান্ডেলার বিল এসএসকে স্কুলের শিক্ষিকা তিনি। প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আচমকাই হাসনাবাদের দিক থেকে আসা একটি বাইক তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষিকা রাস্তার ধারেই অপেক্ষা করছিলেন। আচমকাই এইটি বাইকে ছুটে আসে। বািকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে মনে করছেন তাঁরা। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই স্কুল শিক্ষিকা।
সাধারণ মানুষের দাবি, এই রাস্তায় পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে। বাইক দৌরাত্ম্য চলতেই থাকে। এই দিকে বিশেষ নজর দিতে হবে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছেছে পুলিশ। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে. সেখানেই ওই স্কুল শিক্ষিকার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্তদের মৃতের পরিবার ও গ্রামবাসী দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের গতিবেগ প্রায় ৬০-৬৫ কিলোমিটার ছিল। শিক্ষিকাকে ধাক্কা মেরে বেশ কিছুটা টেনে নিয়ে যায় বাইকটি। ওই বাইকে তিনজন ছিল। দ্রুত গতিতে দিপালীদেবীকে ধাক্কা মারে। এলাকায় পুলিশ পিকেট বসানোর দাবি তুলেছেন স্থানীয়রা।