আন্তর্জাতিক ডেস্ক: সাতসকালে দুর্ঘটনা পাকিস্তানে। বুধবার সকালে পাকিস্তানে একটি বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছে। পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস বিস্ফোরণের পর লাইনচ্যূত হয়। এই ট্রেনের ৪টি বগি লাইনচ্যূত হয়েছে। পাকিস্তানের জাকোকাবাদের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। কিছুদিন আগে এই জাফর এক্সপ্রেসই হাইজ্যাক করেছিল বিদ্রোহী বালোচরা।
চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে বালোচ লিবারেশন আর্মি থেকে হাইজ্যাক করা হয়েছিল। বিএলও সেই সময় জানায় এই ট্রেন অপহরণ করে ২১৪ জন যাত্রীকে হাইজ্যাক করা হয়েছে। অপহরণের সময় জাফর এক্সপ্রেসে প্রচুর সংখ্যক পাকিস্তানি সেনা ছিল। তাদের মধ্যে কয়েকজন বালোচদের হাতে নিহত হয়।
কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় একটি সুড়ঙ্গের কাছে বিস্ফোরণ ঘটায় বালোচরা। বাধ্য হয়ে সেবার লোকো পাইলট ট্রেনের গতি কমিয়ে আনেন। সেই সময় আরও কয়েকটি বিস্ফোরণ হয়। ফলে ট্রেনটি লাইনচ্যূত হয়। এই ট্রেনে পাক সেনার পাশাপশি অনেক সাধারণ মানুষও ছিলেন। বিএলও অনেককেই হত্যা করে। যদিও পাকিস্তানি সেনাবাহিনীর দাবি ছিল বালোচ লিবারেশন আর্মির অনেক সদস্য তাদের হাতে নিহত হয়েছে এবং সহযাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
জাফর এক্সপ্রেস হল পাকিস্তান রেলওয়ের একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন কোয়েটা এবং পেশোয়ারের মধ্যে চলাচল করে। জাফর এক্সপ্রেস প্রায় ১,৬৩২ কিলোমিটার (১,০১৪ মাইল) পথ অতিক্রম করে। আরামদায়ক এই যাত্রায় সময় লাগে প্রায় ৩৪ ঘণ্টা ১০ মিনিটের মতো। এটি রোহরি-চামন এবং করাচি-পেশোয়ার রেললাইন ধরে চলে। সপ্তাহের প্রতিদিন চলে জাফর এক্সপ্রেস। এটি পাকিস্তান রেলওয়ে দ্বারা পরিচালিত।