নিজস্ব প্রতিনিধি : বীরভূমে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার ২১ জুলাইয়ের সভার প্রস্তুতি বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেই বৈঠকের পাশাপাশি অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে বৈঠক করেছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সেই বৈঠক থেকেই দুজনকে দলনেত্রীর নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শনিবার অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে দুজনকে একসঙ্গে কাজ করার কথা বলে দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, কোনো সমস্যা থাকলে দলকে বিষয়টি জানাতে। প্রকাশ্যে কোনো বিষয়ে মুখ খোলা যাবে না। একে অপরের বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না। সকলকে একসঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। দল অনেক ভেবেচিন্তে কাজ করে। এর আগেও দলনেত্রী অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। মে মাসে বোলপুরের কার্যালয়ে বৈঠক বসেছিল বীরভূমের তৃণমূল কোর কমিটির বৈঠক। সেই বৈঠক চলাকালীন তাঁকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত এবং কাজল উভয়কেই একসঙ্গে দলের হয়ে কাজ করার কথা বলা হয়েছে। সেই বার্তাই ফের আরো একবার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে।
শনিবার ২১-র সভার প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে উত্তর কলকাতা এবং বীরভূমের কোর কমিটির সব সদস্যকে এই বৈঠকে ডাকা হয়েছে। সেই মতো অনুব্রত মণ্ডল ও কাজল শেখ দুজনেই হাজির ছিলেন। ওই বৈঠকের পাশাপাশি তাঁদের নিয়ে আলাদা করেও বৈঠক করেছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সকলের বার্তা একটাই, হাতে হাত রেখে সকলকে লড়াই করতে হবে।