নিজস্ব প্রতিনিধি : বেহালায় পর্ণশ্রী এলাকায় সদ্যজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধার থেকে সদ্যজাতর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহটি উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, রবিবার সকালে পুকুরের ধারে কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে সেটি মানুষের দেহ বুঝতে পারেননি। কাপড়ে জড়ানো অবস্থায় সদ্যজাতের দেহটি ফেলে যাওয়া হয়েছিল। কাছে গেলেই তাঁরা বুঝতে পারেন সেটি একটি শিশু। দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছেন পর্ণশ্রী থানার পুলিশ আধিকারিকরা।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় এলাকারই কেউ জড়িত নাকি বাইরে থেকে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। অভিযুক্তদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। নির্মমতা কোন পর্যায়ে পৌঁছলে একটি ছোট্টো শিশুকে এইভাবে হত্যা করে পুকুরের ধারে ফেলে যেতে পারে কেউ। পুলিশের প্রাথমিক ধারণা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। রাতেই শিশুটিকে ফেলে গিয়েছে অভিযুক্তরা। এই ঘটনায় বেআইনি গর্ভপাতের কোনো ঘটনা জড়িত রয়েছে কিনা তাও খোঁজ করে দেখা হচ্ছে। সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এভিযুক্তদের ধরতে তৎপর পুলিশ।