নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধার সমস্যা নয়। কারও নাম এক, কিন্তু আধার কার্ডে এসেছে অন্য নাম। আবার কারও ঠিকানা ভুল, আবার কারও জন্ম তারিখে সমস্যা। আধারে ছাপার এই ভুলগুলো বিগত কয়েক মাসে বিনামূল্যে ঠিক করতে পেরেছেন অনেকেই। আধার আপডেটশনের মাধ্যমে নাম, ঠিকানা বা জন্ম তারিখ সবটাই ঠিক করে নিয়েছেন। এখনো কেউ বাকি থাকলে দ্রুত সেই কাজ সেরে নিন। নাহলে এরপর থেকে আর বিনামূল্যে আপডেটশনের সুযোগ মিলবে না।
আর মাত্র ৭দিন। এরপর থেকে আধারকার্ডের কিছু ঠিক করতে চাইলে গুনতে হবে গ্যাঁটের কড়ি। এরপর থেকে আধারকার্ড আপডেট করার জন্য নির্ধারিত চার্জ ৫০ টাকা দিতে হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট টাকা দিয়ে ঠিক করতে আধারের সমস্ত ভুল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী চলতি বছরের ১৪ জুন বিনামূল্যে আপডেটের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এরপর থেকে আপডেট করতে চাইলে টাকা খরচ করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১০ বছরেরও বেশি পুরনো আধার কার্ডগুলি বিনামূল্যে আপডেট করার সময়সীমা একাধিকবার বাড়িয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে ১৪ জুন পর্যন্ত ছয় মাসের জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছিল। অবশেষে সেই সময়ও শেষ হতে চলেছে। ফলে কারো এখনও ভুল ঠিক করার থাকলে দ্রুত করিয়ে নিন।
পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাইআধার পোর্টালের মাধ্যমে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি পরিষেবাই পাওয়া যায়। কেউ আধারকার্ডের আইরিস বা বায়োমেট্রিক ডেটা আপডেট করতে সেক্ষেত্রে তাঁকে আধার কেন্দ্রে যেতে হবে।