নিজস্ব প্রতিনিধি : ৪১ টি অত্যাধুনিক বাইক এবং রেসিং সুট পরে কলকাতা থেকে বর্ধমানের দিকে রওনা দিয়েছিলেন একদল যুবক। কিন্তু মাঝপথেই ওৎ পেতে রয়েছে মৃত্যু তা বুঝতে পারেননি তাঁরা। বাইক চালাতে চালাতে রিলের নেশাই কেড়ে নিল একটি প্রাণ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুড়াপ থানার কংসারি পুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাইক আরোহী। একটি ডাম্পারে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, কলাকাত থেকে বর্ধমান যাওয়ার পথে রিল বানাবার নেশাই কাল হয়েছে। পশ্চিম পুঁটিয়ারির বাসিন্দা বছর ২৫-র শেখ মহম্মদ হাসেম বাইকে থাকলেও মোবাইলে রিল বানাতে ব্যস্ত ছিলেন। আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেটি সোজা গিয়ে ধাক্কা মারে ডাম্পারে। ঘটনার পরেই এগিয়ে আসে ওই যুবকের সঙ্গীরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দুর্ঘটনার খবর পয়ে ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় গুড়াপ থানার পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। মৃতদেহটিকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রিলের নেশায় এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও হুঁশ ফিরছে না মানুষের। কলাকাতা থেকে বর্ধমানে ৪১টি বাইক নিয়ে জয়রাইড শুরু করেছিল একদল যুবক। কিন্তু রিলের নেশা সর্বনাশা, ফের প্রমাণ করল আরও একটি মৃত্যু।