নিজস্ব প্রতিনিধি: আইপিএল প্রতিযোগিতা শেষের দিকে। আজ বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল পঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে, যা অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তাই এই ম্যাচে দুই দলই তাদের সেরাটা দেবে। এই ম্যাচের আগে পিচ, আবহাওয়া, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া যাক।
পঞ্জাব কিংস এবার ১১ বছর পর আইপিএল প্লে-অফে ফিরেছে। শেষবার তারা ২০১৪ সালে প্লে-অফে খেলেছিল, যখন তারা লিগ পর্যায়ে শীর্ষে ছিল কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায়। এবার পঞ্জাব দারুণ ফর্মে রয়েছছে। তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে আরসিবি নিয়মিত প্লে-অফে পৌঁছলেও এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি। এবার তারা রজত পাতিদারের নেতৃত্বে প্রথম শিরোপার স্বপ্ন দেখছে।
কোহলি বনাম শ্রেয়স
এই ম্যাচে সবার নজর থাকবে দুই তারকার দিকে। আরসিবির বিরাট কোহলি এবং পঞ্জাবের এর শ্রেয়স আইয়ারের দিকে। বিরাট কোহলি এই মরসুমে দুর্দান্ত ফর্মে আছেন। তিনি ১৪টি ম্যাচে ৬০৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৭.৯১। তিনি তার ব্যাটিংয়ে আরও আক্রমণাত্মক হয়েছেন। অন্যদিকে শ্রেয়স আইয়ারও পিছিয়ে নেই। তিনি ১৪ ইনিংসে ৫১৪ রান করেছেন, স্ট্রাইক রেট ১৭১.৯০, যা এই মরসুমে শুধু নিকোলাস পুরান (স্ট্রাইক রেট ১৯৬.২৫) তার থেকে এগিয়ে।
কিন্তু মুল্লানপুর পিচে শ্রেয়স এই মরসুমে খুব একটা ভাল করতে পারেননি। তিনি এখানে ৪ ইনিংসে মাত্র ২৫ রান করেছেন। এছাড়া আরসিবির বোলারদের বিরুদ্ধে তার রেকর্ডও তেমন ভালো নয়। জশ হেজলউড তাকে ১৯ বলে ৩ বার আউট করেছেন, মাত্র ৯ রান দিয়ে। ভুবনেশ্বর কুমারও শ্রেয়সকে ৩ বার আউট করেছেন, ৫০ বলে ৪৫ রান দিয়ে। এমনকি ক্রুণাল পাণ্ড্যর বিরুদ্ধেও পঞ্জাব অধিনায়ক সুবিধা করতে পারেননি। তিনি ক্রুণালের বিরুদ্ধে ৪৮ বলে ৪১ রান করেছেন, স্ট্রাইক রেট মাত্র ৮৫.৪১। তাই এই ম্যাচে তার লড়াই দেখার মতো হবে।
বিরাট কোহলির জন্য মুল্লানপুর পিচ বেশ সুবিধাজনক হতে পারে। গত ম্যাচে এই মাঠে তিনি ৫৪ বলে অপরাজিত ৭৩ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এবার এই দুই তারকার মধ্যে কে এগিয়ে থাকবে?
অন্যান্য খেলোয়াড়
পঞ্জাবের প্রিয়াংশ আর্য এই মরসুমে দুর্দান্ত খেলছেন। তিনি ৪২৪ রান করেছেন, গড় ৩০.২৯ এবং স্ট্রাইক রেট ১৮৩.৫৫। তার ৪৮টি চার এবং ২৪টি ছক্কা প্রমাণ করে তার ব্যাটিং কতটা বিধ্বংসী। প্রভসিমরন সিংহ এবং জস ইংলিস ভাল পারফরমেন্স করতে পারেন। মিডল অর্ডারে নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিংহ, এবং মার্কাস স্টোইনিস দলকে শক্তি যোগাচ্ছেন। বোলিংয়ে আর্শদীপ সিংহ ও যুজবেন্দ্র চহাল এবং কাইল জেমিসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আরসিবির ওপেনার ফিল সল্ট এবার দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে তাকে আর্শদীপ সিংহের সামনে সাবধান থাকতে হবে, কারণ আর্শদীপ তাকে ৩২ বলে ৪ বার আউট করেছেন, মাত্র ২৫ রান দিয়ে। ময়ঙ্ক আগরওয়াল ও যুজবেন্দ্র চহালের লড়াই দেখার মতো হবে। চহাল তাকে ৬ বার আউট করেছেন, গড় মাত্র ১২.০০ (৪৫ বলে ৭২ রান, স্ট্রাইক রেট ১৬০.০০ এবং ৫টি ছক্কা)। রজত পাতিদার, জিতেশ শর্মা, এবং লিয়াম লিভিংস্টোন ব্যাটিংয়ে শক্তি যোগাবেন, আর জশ হেজলউড, ভুবনেশ্বর কুমার, এবং যশ দয়াল বোলিংয়ে দলের ভরসা।
পিচ রিপোর্ট
মুল্লানপুরের পিচ এই মরসুমে বেশ বৈচিত্র্যময়। প্রথম দুটি ম্যাচে এখানে তিনবার ২০০ রানের বেশি স্কোর হয়েছে, মানে পিচ ব্যাটিং-ফ্রেন্ডলি। কিন্তু পরের দুটি ম্যাচে স্কোর ছিল ১১১ অল আউট, ৯৫ অল আউট, এবং ১৫৭/৬, যা পিচের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই মাঠে গড় প্রথম ইনিংসের স্কোর ১৬৯। বড় স্কোয়ার বাউন্ডারির কারণে রান করা কিছুটা কঠিন হতে পারে। পিচ শুরুতে ব্যাটসম্যানদের সাহায্য করে, তবে পরে স্পিনাররা কার্যকর হয়ে ওঠে।
আবহাওয়ার পূর্বাভাস
মুল্লানপুরের আবহাওয়া এই ম্যাচে কোনও বাধা হবে না। বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকলেও, পুরো ৪০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনাই বেশি।
সম্ভাব্য একাদশ
পঞ্জাব কিংস (সম্ভাব্য): প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, জস ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিংহ, মার্কাস স্টোইনিস, আজমতুল্লাহ ওমরজাই, কাইল জেমিসন, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব: যুজবেন্দ্র চহাল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সম্ভাব্য): বিরাট কোহলি, ফিল সল্ট, ময়ঙ্ক আগরওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ড্য, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হেজলউড। ইমপ্যাক্ট সাব: সুয়াশ শর্মা।
এই ম্যাচে PBKS এবং RCB দুই দলই তাদের প্রথম আইপিএল ট্রফি জেতার জন্য লড়ছে। PBKS-এর শক্তিশালী বোলিং এবং RCB-র বিধ্বংসী ব্যাটিং লাইনআপের মধ্যে এই লড়াই হবে হাড্ডাহাড্ডি। মুল্লানপুর এর দর্শকরা তাদের দলকে সমর্থন করতে মুখিয়ে আছে।