নিজস্ব প্রতিনিধি : চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে রাজি সরকার। সোমবার দুপুরে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবে সরকার। এই বৈঠকে থাকবেন শিক্ষাসচিব। চাকরিহারাদের ৬ সদস্য এই বৈঠকে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বৈঠকে থাকবেন না বলে জানা গিয়েছে। সম্মানের সঙ্গে চাকরিতে ফিরতে চাইছেন শিক্ষকরা। তাই একাধিকবার বৈঠকে বসতে চেয়েছেন তাঁরা। সেই মতো বৈঠকে রাজি হয়েছে সরকার।
জানা গিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা চেয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা। সেই ডেডলাইনের দিনেই সরকারের পক্ষ থেকে বৈঠক করার কথা বলা হয়েছে। রবিবার শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সোমবার সরকারের পক্ষ থেকে কেউ যোগোযোগ করবে। সেই মতো বিকাশ ভবনে বৈঠকের কথা বলা হয়েছে। এই বৈঠকে শিক্ষামন্ত্রী না থাকলেও থাকবেন শিক্ষাসচিব।
বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করা হতে পারে বলে জানা গিয়েছে। চাকরিহারা শিক্ষকদের দাবি, নতুন কর পরীক্ষা দিতে রাজি নয় তাঁরা। কীভাবে চাকরিতে তাঁদের ফেরানো যায়, সেই নিয়ে কীভাবে ভাবনা চিন্তা রয়েছে সেই সকল বিষয়ে আলোচনা হতে পারে। সোমবার দুপুর ১টা নাগাদ বিকাশ ভবনে বসতে চলেছে সরকারের সঙ্গে চাকরিহারারা।
বিকাশ ভবনের সামনে ২০ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। কলকাতা হাইকোর্ট এই আন্দোলন বিকাশ ভবন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট্রালপার্কে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বসেছে বায়ো টয়লেট। সেন্ট্রালপার্কের পরিস্থিতি দেখা সেখানে সরার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চাকরিহারারা।