নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : পুলিশের চোখে ধুলো দিয়ে মহারাষ্ট্রে গাঁজা পাচার করার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে পাচার কার্য সম্পন্ন করতে পারেনি অভিযুক্তরা। এনজিপি থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় বিপুল পরিমাণ গাঁজা। এই অবৈধ জিনিস পাচার করার অভিযোগে ২ জনকে গ্রেফতারও করেছে এনজিপি থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর এসেছিল থানায়। সেই খবরের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালায় এনজিপি থানার পুলিশ। রাতের বেলায় একটি পণ্যবাহী ট্রাক দেখে সন্দেহ হয় তাঁদের। সেই ট্রাক আটকে তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় ১৮৬ কেজি গাঁজা। এই ঘটনার গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সমীর তুকারাম ও নিলেশ পান্ডুরাঙ্গা বারাডে মহারাষ্ট্রের পুনের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ট্রাকটি আটকে তল্লাশি চালানোর সময় বেশ কয়েকটি কয়েকটি বস্তা নজরে আসে পুলিশের। সেগুলো খুলতেই বেড়িয়ে আসে প্যাকেট প্যাকেট গাঁজা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১৮৬ কেজি। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। অসম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল এই গাঁজা। কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টিতে সফল হয়নি পাচারকারীরা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিহারে গাঁজা পাচার রুখেছিল খড়িবাড়ি পুলিশ। তখনও প্রায় ১৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই ঘটনায় দিনহাটার ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।