নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিকের পরীক্ষার নিয়ম বদলেছে, তা পুরোনো খবর! সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, এটাও পুরোনো খবর। কিন্তু এবার সেমিস্টারের নিয়মেই বড় বদল আনল উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ। আসলে একাদশ বা দ্বাদশ শ্রেণির দুই ক্ষেত্রেই সেমিস্টার সিস্টেম চালু করেছে শিক্ষাসংসদ। এক্ষেত্রে মনে একাধিক প্রশ্নের ঘুরপাক শুরু হয়েছে! কিন্তু সবথেকে বড় প্রশ্ন, পাশের জন্যে কোনও বিষয়ে নূন্যতম কত নম্বর পেতে হবে? তা নিয়েই এবার বড় ঘোষণা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নির্দেশিকায় জানানো হয়েছে যে, উচ্চমাধ্যমিক স্তরের সেমিস্টারগুলিতে যে কোনও তিনটি ইলেক্টিভ বিষয়ে নূন্যতম ৩০ শতাংশ পেতেই হবে। তার নিচে নম্বর পেলে ফেল হিসেবে বিবেচিত হবে। উদাহরণ স্বরূপ, কোনও ছাত্র বা ছাত্রী যদি উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছেপ্রকাশ করে, তাহলে সে প্রথম এবং দ্বিতীয় ভাষা ছাড়া মোট চারটি বিষয় ইলেকটিভ হিসেবে বেছে নিতে পারে। কিন্তু তিনটি ইলেক্টিভ বিষয়ের নম্বর মূল নম্বরের সঙ্গে যোগ হবে।
ধরা যাক, কোনও ছাত্র প্রথম ভাষা বাংলা ভাষা নিল এবং দ্বিতীয় ভাষা ইংরেজি নিল, বাকি বিজ্ঞানের বিষয় নিল। তাহলে যে কোনও সেমিস্টার পরীক্ষায় সেই ছাত্রকে বাংলা ও ইংরেজিতে পাশ করার জন্যে নূন্যতম ৩০ শতাংশ নম্বর পেতেই হবে। অন্যদিকে ইলেক্টিভ বিষয়ের মধ্যে যে কোনও একটিতে ৩০ শতাংশ নম্বর পেতেই হবে। তবে যারা মাধ্যমিকের রেজাল্টের আগেই একাদশ শ্রেণির পড়াশোনা শুরু করে দিয়েছেন, তাঁরা শিক্ষাসংসদের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট।