নিজস্ব প্রতিনিধি: আইপিএলের (IPL 2025) উত্তাপ যত বাড়ছে, ততই ক্রিকেটারদের পারফরম্যান্স ঘিরে চর্চা তুঙ্গে উঠছে। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন প্রাক্তন ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেওয়াগ। সরাসরি আক্রমণ করলেন দুই বিদেশি তারকা পঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল এবং বেঙ্গালুরুর লিয়াম লিভিংস্টোনকে।
কোনও রাখঢাক না রেখে ঠোঁটকাটা সেওয়াগ সরাসরি বলেই দিলেন, “’ইয়ে ইয়াঁ হলিডে মানানে আতে হ্যায়। হলিডে বনাকর চলি যাতি হ্যায় (এরা এখানে ছুটি কাটাতে আসে, একটু মজা করে চলে যায়)।” এক আলোচনায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কটাক্ষ করে বলেন, “ওদের মধ্যে দলের হয়ে লড়াই করার কোনও খিদে নেই। ওদের দেখে মনেই হয় না ওরা কিছু করে দেখাতে চায়। আমি অনেক প্রাক্তন খেলোয়াড়ের সঙ্গে সময় কাটিয়েছি, কিন্তু খুব কম জনকেই দেখেছি যারা দলের জন্য কিছু করতে চায়।”
দুই তারকার পরিসংখ্যানঃ
গ্লেন ম্যাক্সওয়েল এখনও পর্যন্ত মাত্র ৪১ রান করেছেন এবং নিয়েছেন ৪টি উইকেট। অন্যদিকে, লিয়াম লিভিংস্টোন করেছেন মাত্র ৮৭ রান। এই হতাশাজনক পারফরম্যান্সের জন্যই রবিবার দু’জনকেই বাদ দিয়েছিল তাদের নিজ নিজ দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে লিভিংস্টোনের জায়গায় নিয়েছে রোমারিও শেফার্ডকে। অন্যদিকে, পঞ্জাব কিংস (PBKS)-এর শেষ কয়েকটি ম্যাচে ম্যাক্সওয়েল মাঠে নামেননি।
Virat Kohli -র রেকর্ডঃ
যেখানে একদিকে কিছু বিদেশি খেলোয়াড় পারফর্ম করতে ব্যর্থ, অন্যদিকে বিরাট কোহলি আবার নিজের ধারাবাহিকতা বজায় রেখে গড়ছেন একের পর এক রেকর্ড। পঞ্জাব কিংস-এর বিরুদ্ধে মুল্লানপুর-এ খেলতে নেমে বিরাট করেন অপরাজিত ৭৩ রান (৫৪ বলে)। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ১টি ছয়, স্ট্রাইক রেট ছিল ১৩৫.১৯।
এই ইনিংসের মাধ্যমে কোহলি হয়ে গেলেন IPL ইতিহাসে সর্বাধিক ৫০+ স্কোর করা ক্রিকেটার — মোট ৬৭টি (যার মধ্যে ৮টি শতরান)। ডেভিড ওয়ার্নার-এর রয়েছে ৬৬টি। তৃতীয় স্থানে আছেন শিখর ধওয়ান, যার আছে ৫৩টি ৫০+ স্কোর।
চলতি IPL-এ বিরাট ইতিমধ্যে করেছেন ৩২২ রান মাত্র ৮ ইনিংসে, ব্যাটিং গড় ৬৪.৪০ ও স্ট্রাইক রেট ১৪০.০০। এই মরসুমে ৪টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।
একদিকে ‘হলিডে মুড’, অন্যদিকে নজরকাড়া ব্যাটিং:
বীরেন্দ্র সেওয়াগের মন্তব্য শুধুই আক্রমণ নয়, বরং একবারেই স্পষ্ট বার্তা— দলে জায়গা পেতে হলে শুধু নাম নয়, চাই মন-প্রাণ ঢেলে খেলা। যেখানে কেউ “ছুটি কাটাতে” আসে, সেখানে কেউ দলকে টেনে নিয়ে যাচ্ছেন একার কাঁধে।