নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না কিংবদন্তি আফগান লেগ স্পিনার রশিদ খানের। চলতি বছরেই আইপিএলে ৩৩টি ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়েছিলেন। প্রতিযোগিতার ইতিহাসে এক মরশুমে এত ছক্কা আর কেউ হজম করেননি। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হিসাবে নাম লেখালেন। গতকাল মঙ্গলবার বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে ২০ বলে অর্থাৎ চার ওভারে (ছয় নয়, পাঁচ বলে এক ওভার) ৫৯ রান দিয়েছেন রশিদ। এত দিন সবচেয়ে খরুচে বোলারের তকমা ছিল নামিবিয়ার ডিভিড ভিসার। তিনি ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন।
বার্মিংহামে ওভাল ইনভিন্সিবলস বনাম বার্মিংহাম ফোনিংক্সের ম্যাচটি শ্বাসরুদ্ধকর বললেও ভুল বলা হবে। প্রথমে ব্যাট করে ১৮০ রান তুলেছিল রশিদের দল ওভাল ইনভিন্সিবলস। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বার্মিংহামের শেষ ২৫ বলে প্রয়োজন ছিল ৬১। ক্রিজে ছিলেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। রশিদের এক ওভারে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকিয়ে ২৬ রান তোলেন তিনি। আর তাতেই বদলে যায় ম্যাচের রং। লিয়ামের তাণ্ডবে ২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বার্মিংহাম। ২০ বল করে রশিদ ৪টি চারের সঙ্গে ছক্কা হজম করেন ৬টি।
রশিদকে বেধড়ক ঠাঙ্গানি প্রসঙ্গে ‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে লিয়াম বলেছেন, ‘আমি আগেও ওর বিরুদ্ধে খেলেছি, তাই আত্মবিশ্বাস ছিল। র্যাশের (রশিদ) বিরুদ্ধে স্লগে আমার ভাল রেকর্ড রয়েছে। আমার কাছে স্লগ করে খেলাটাই নিরাপদ মনে হয়েছে।’