নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন থেকেই ঠান্ডা বঙ্গের আবহাওয়া। সকালে তাপমাত্রা বেশি থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা কমছে। আবহাওয়া সূত্রের খবর, আজ অর্থাৎ শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড়-জলের সম্ভাবনা। জেনে নিন কেমন থাকতে চলেছে আজকের ওয়েদার।
কলকাতার আবহাওয়া
বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হাওয়া দফতর সূত্রে খবর, আপাতত কলকাতায় অসহনীয় গরমের পরিবেশ থাকবে না। তাপমাত্রাও মোটের উপর একই থাকবে আগামী কয়েকদিন। কলকাতায় এখনই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুরর দিক পর্যন্ত তিলোত্তমাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কোনও কোনও জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্য বেশ কয়েকটি জেলায়। সেখানে বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
এবছর এখনও পর্যন্ত অসহনীয় গরমের পরিবেশ তৈরি হয়নি। মাঝে দিন কয়েক ভ্যাপসা গরম থাকলেও তা তুমুল অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেনি। বৈশাখ মাসের শুরু থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ঝড়-জল চলছে। সম্ভবত, আর কিছুদিন পর থেকেই শুরু হবে গরমের দাপট।