নিজস্ব প্রতিনিধি : বুধবারের পর বৃহস্পতিবারও শিয়ালদহ দক্ষিণশাখায় ব্যহত রেল পরিষেবা। জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে বাড়ানো হয়েছে মহিলা কামরার সংখ্যা। এতেই বেড়েছে সমস্যা। এদিন সকাল সকাল শিয়ালদহ দক্ষিণ শাখার উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। ট্রেনের জেনারেল কামরায় ভিড় অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। ট্রেন অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমে এই ধরনের ঘটনায় ব্যাপক সমস্যায় বহু যাত্রী।
এদিন সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার উত্তর রাধানগর স্টেশনে লাইনের ওপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। ট্রেন থাকলেও অনেকেই ট্রেনে উঠতে না পারায় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। ওই স্টেশন দিয়ে আপ এবং ডাউন কোনও লাইনেই ট্রেন চলাচল করতে পারছে না। ফলে ওই লাইনে সমস্যায় পড়েছেন বহু যাত্রী।
অফিস, স্কুল, কলেজে যাওয়ার জন্য প্রবল ভিড় থাকে ওই শাখার ট্রেনে। জেনারেল কামরাতে এমনিতেই থাকে বাদুড়ঝোলা ভিড়। তার ওপর সেই কামরা আরও কমিয়ে দেওয়া হলে অফিস টাইমে বিপদে বহু নিত্যযাত্রীরা। বাধ্য হয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।
যাত্রীদের অভিযোগ, এমনিতেই ট্রেনে প্রতিদিন ভিড় বাড়ছে। ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর প্রয়োজন। কিন্তু সেখানে কোচের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠতে হয়। সেখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে আরও সঙ্গীন হয়ে যাচ্ছে। ভিড়ের কারণে একটি ট্রেন না ধরতে পারলে গন্তব্যে সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
তাঁদের মন্তব্য, মহিলা কামরা নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। কিন্ত জেনারেল কামরা কমিয়ে দিলে বহু মানুষ সমস্যায় পড়বেন। রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।