ইন্দ্রজিৎ রায়: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে জয় পেলেও, মাঠের বাইরের বড় ধাক্কা খেলেন পঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আচরণ বিধি ভঙ্গের দায়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক demerit point দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
ঠিক কী ঘটেছিল?
যদিও BCCI ঘটনার নির্দিষ্ট বিবরণ দেয়নি, তবে তারা জানিয়েছে, ম্যাক্সওয়েল স্বীকার করেছেন যে তিনি IPL Code of Conduct-এর Level 1 – Article 2.2 লঙ্ঘন করেছেন। এই ধারাটি মূলত খেলার সময় যে কোনও ধরণের ক্রিকেট সরঞ্জাম, মাঠের জিনিসপত্র, সাজঘরের সামগ্রী ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে প্রযোজ্য।
এই ধরনের অপরাধে, কেউ যদি রেগে গিয়ে ব্যাট ছুঁড়ে মারেন, স্টাম্পে লাথি মারেন, বিজ্ঞাপনের বোর্ড, সীমানার বেড়া, সাজঘরের দরজা বা আয়নায় ভাঙচুর করেন – তাহলেই ধরা পড়ে Article 2.2-এর আওতায়।
এর আগে গুজরাত টাইটান্সের পেসার ইশান্ত শর্মাও একই ধরনের অপরাধের জন্য শাস্তি পেয়েছিলেন সানরাইজারস হায়দরাবাদের বিরুদ্ধে।
ম্যাক্সওয়েলের পারফরম্যান্স
যদিও ব্যাট হাতে ম্যাক্সওয়েল হতাশ করেছেন। মাত্র ১ রানেই আউট হন। তবে বল হাতে নিজের অস্তিত্ব জানান দেন। ১ উইকেট নিয়ে মাত্র ১১ রান দেন ২ ওভারে। তাঁর বলে আউট হন রচিন রবীন্দ্র, যা ম্যাচে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।পঞ্জাব এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ২১৮ রান তোলে, যার নায়ক ছিল তরুণ প্রিয়াংশ আর্য, ও তার ঝকঝকে সেঞ্চুরি। শেষ পর্যন্ত পাঞ্জাব ১৮ রানে জয় পায় চেন্নাই-এর বিরুদ্ধে।
BCCI-এর কড়া অবস্থান
IPL 2025-এর মরশুমে ম্যাক্সওয়েল হলেন ষষ্ঠ ক্রিকেটার যিনি শাস্তি পেলেন। এর আগেও দিগ্বেশ সিং, ঋষভ পন্থ ও রিয়ান পরাগের মতো খেলোয়াড়েরা ধীর গতির ওভার রেট বা আচরণজনিত কারণে জরিমানা গুনেছেন।
BCCI স্পষ্ট করেছে, খেলোয়াড়দের মাঠে পেশাদার আচরণ বজায় রাখা বাধ্যতামূলক, এবং আইনের ব্যতিক্রম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।