নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই লন্ডন থেকে সড়ক পথে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এদিন লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা-সাড়ে ১১ টা নাগাদ রওনা দেবেন তিনি। লন্ডনের সকাল ১১টা- সাড়ে ১১টা মানে ভারতীয় সময়ে বিকেল সাড়ে ৫ টা- ৬টা। অক্সফোর্ডের কেলগ কলেজে ‘সামাজিক উন্নয়ন: বালিকা, শিশু এবং মহিলা ক্ষমতায়ণ’ নিয়ে বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। বক্তৃতার পরে হবে গল্পগুজব। সব মিনিয়ে অনুষ্ঠান হবে ১ ঘণ্টার।
মূল অনুষ্ঠানের আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন মাইলফলক ঘুরে দেখার পাশাপাশি দেখবেন সেখানকার গ্রন্থাগারও। গ্রন্থাগার থেকে মমতা সোজা কেলগ কলেজের মূল প্রেক্ষাগৃহে যাবেন বক্তৃতা দিতে।
মঙ্গলবার ব্রিটিশ বণিক মহলে গিয়ে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, মহিলা ক্ষমতায়ণের প্রসঙ্গ বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য ৯৪টি প্রকল্প চালায়। কিন্তু এখানে সবটা বলছি না। ওটা অক্সফোর্ডে বলব। মহিলা ক্ষমতায়ণে দেশে এক নম্বর স্থানে রয়েছি। অন্যেরা মুখে জনপ্রতিনিধিত্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের কথা বললেও আমার পার্টির ৩৯ শতাংশ নির্বাচিত সাংসদ মহিলা। আমি নিজে সাত বারের সাংসদ, তিন বারের বিধায়ক। ২০০৪ সালে বিরোধীদের যখন কেউ জিততে পারেনি, তখনও আমি জিতেছিলাম।’’
অক্সফোর্ডে শ্রোতাদের মধ্যে কেউ আরজি কর ইস্যু নিয়ে প্রশ্ন করবেন কিনা এ চিন্তা রয়েছে সকলেরই। আরজি কর আন্দোলন সাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। ফলে সে নিয়ে প্রশ্নের সম্ভাবনা যে একেবারে নেই তা বলা যায় না।