নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খান, সলমান খান, আমির খান, প্রায়শই শোনা যায়, বলিউডের শেষ সুপারস্টার তাঁরাই। এরপরে আর কোনও সুপারস্টারের দেখা মিলবে কিনা সন্দেহ! কারণ এখনও বলিউডে তিন খানের রাজত্বই চলে। তাঁদের দাপটে এখনও কোনও নায়ক সুপারস্টারের তকমা পায়নি। অর্থাৎ আজ পর্যন্ত শাহরুখ, সলমান, আমির খানের মতো একাধিক সুপারহিট ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিতে পারেননি তরুণ প্রজন্মের নায়করা। তাই যতই বিতর্ক হোক না কেন, এখনও তিন খানের ছবির জন্যে অপেক্ষা করেন ভক্তরা। তবে, তাঁরাই বলিউডের ‘শেষ সুপারস্টার’, এই ধারণার সঙ্গে একমত নন আমির খান। বরং তাঁর বিশ্বাস, প্রতিটি প্রজন্মের বড় তারকা থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাঁদেরকেও ভুলে যাবে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন নব্বইয়ের দশকের অভিনেতাদের মতো এই প্রজন্মের তারকারা খ্যাতি পাচ্ছেন না? উত্তরে সুপারস্টার বলেন, “প্রতিটি প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে ভালো। তাঁদের অভিজ্ঞতা আছে। এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম সমানভাবে বড় তারকা হয়ে উঠবে। ‘আমরা শেষ তারকা’ এমন কোনও ব্যাপার নেই। আমাদের পরেও অনেকে আসবে।” তিনি আরও বলেন, “আমরা হয়তো গুনতেও পারব না। আমাদের কেই হয়তো তোমরা ভুলে যাবে। সময়ের পিছু পিছু যুগ এগিয়ে যাবে। এটাই তো দুনিয়ার নিয়ম।”
বর্তমানে তৃতীয় প্রেমিকাকে প্রকাশ্যে এনে সংবাদের শিরোনামে এসেছেন আমির খান। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্রাটের সঙ্গে নিজের প্রেমের সম্পর্কে শিলমোহরও দিয়েছেন তিনি। তবে বিয়ের বিষয়ে এক্ষুনি কোনও পরিকল্পনা নেই তাঁর। ৬০ বছর জন্মদিনে একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমির খান প্রকাশ করেছিলেন যে, শাহরুখ খান, সলমান খানের সঙ্গে একটি ছবিতে স্ক্রিন স্পেস ভাগ করে নেওয়া নিয়ে তিনি আলোচনা করেছেন। তবে সঠিক স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছেন। তবে সিনেমাটি ভাল না হলেও, দর্শকরা বড় পর্দায় খান ত্রয়ীকে একসঙ্গে দেখতে পারবেন প্রথমবার। পেশাগত দিক থেকে, আমিরকে পরবর্তীতে সিতারে জমিন পার ছবিতে দেখা যাবে। অন্যদিকে, সলমানের ছবি সিকান্দার ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখ খানকে পরবর্তীতে তার মেয়ে সুহানা খানের সঙ্গে কিং ছবিতে দেখা যাবে।