নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই গুজব তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান। আজ ৬০ বছরে পদার্পণ করলেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট। গতকাল পাপারাজ্জিদের আনা কেক কেটেছেন অভিনেতা। সেখানেই অভিনেতা তাঁর নতুন সঙ্গী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। যা গোটা জাতিকে অবাক করে দিয়েছে। পাশাপাশি গৌরী’র সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে এনেছেন অভিনেতা। জানা গিয়েছে, প্রায় ১ বছর ধরে তাঁরা ডেটিং করছেন। আমির এবং গৌরী স্প্রাটের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। কিন্তু তাদের ব্যস্ততম জীবনের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শেষমেশ ২ বছর আগে তাঁদের পুনরায় দেখা হয়।
ইতিমধ্যেই গৌরীর পরিবারের সঙ্গেও দেখা করেছেন অভিনেতা বলে জানা গিয়েছে। তবে কী সত্যিই ৬০ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির? তিনি পাপারাজ্জিদের সামনে গৌরী সম্পর্কে তাঁর অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, “আমি জীবনে এমন একজনকে খুঁজছিলাম, যার সঙ্গে আমি শান্ত থাকতে পারি, যে আমাকে শান্তি দেবে, গৌরীই সেই ব্যক্তি। আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা অনুভব করেছি যে আমরা একে অপরের সঙ্গেও যথেষ্ট নিরাপদ। তাই আমি আর কিছু লুকাতে চাই না। আগামীকাল, যদি আমি গৌরীর সঙ্গে কফি খেতে যাই, তোমরাও আমাদের সঙ্গে যোগ দিও।”
উল্লেখ্য, আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তাঁর তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে কিরণ রাওকে ডিভোর্স দেন অভিনেতা। এরপর থেকে তিনি সিঙ্গেল। তবে এবার মনে হচ্ছে মিঙ্গেল হবেন। গৌরীর সঙ্গে বিয়ের পরিকল্পনা সম্পর্কে অভিনেতা বলেন, “দেখুন, আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমি দু’বার বিয়ে করেছি। ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য উপযুক্ত হবে না। কিন্তু দেখা যাক।” গৌরী স্প্র্যাট হলেন বেঙ্গালুরুর বাসিন্দা এবং ছয় বছরের একটি সন্তানের মা। ২০০৭ সাল থেকে একটি জনপ্রিয় সেলুনের অংশীদার তিনি। লন্ডনের আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে ডিগ্রি অর্জন করেছেন। তবে আমির খানের সঙ্গে তাঁর প্রেম থাকা সত্ত্বেও, গৌরী তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন।