নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১২ বছর বাদে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। তাও অপরাজিতভাবে। টিম ইন্ডিয়ার দুর্দান্ত সাফল্যে গোটা দেশবাসী আনন্দে মাতোয়ারা। চারদিকে পটকা ফাটিয়ে জয় উদযাপন করছে ভারতবাসীরা। সঙ্গে ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছে সেলিব্রিটিরাও। কাজল থেকে অভিষেক বচ্চন, করিনা কাপুর, কার্তিক আরিয়ান, অজয় দেবগন, অনিল কাপুর, ভিকি কৌশল, ববি দেওল, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, চিরঞ্জীবী-সহ গোটা দেশের তারকারা টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলিউড অভিনেত্রীদের পাশাপাশি টলিউড তারকারাও খুশি প্রকাশ করেছেন। সকলেই টিম ইন্ডিয়ার একটি ছবি পোস্ট করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
জুনিয়র এনটিআর তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের জন্য অভিনন্দন! অপরাজিত থাকা কোনও ছোট কৃতিত্ব নয়। মানুষ জয় উদযাপন করছে এবং পটকা ফাটাচ্ছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির স্টাম্পের সঙ্গে ডান্ডিয়া করার দৃশ্য ভাইরাল হচ্ছে।” অন্যদিকে ভারত ম্যাচ জয়ের পরপরই, প্রবীণ গীতিকার জাভেদ আখতার তাঁর অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্টে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, “হুররে! ছেলেরা, তোমরা এটা করেছ!!! তোমাদের এবং সমগ্র জাতিকে অভিনন্দন।”
অভিনেতা অভিষেক বচ্চন সোশ্যাল মিডিয়ায় তাঁর আনন্দ এবং উত্তেজনা ভাগ করে নিয়ে লিখেছেন, “ট্রফিটি ঘরে ফিরছে! টিম ইন্ডিয়ার দক্ষতা, দৃঢ়তা এবং আবেগের একটি মাস্টারক্লাস। বিশ্বের শীর্ষে।” অভিনেতা মিলিন্দ সোমান টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা বরুণ ধাওয়ানও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা অজয় দেবগন ‘কাভি খুশি কাভি গম’ ছবি থেকে কাজলের অঞ্জলির একটি ক্লিপ পোস্ট করে লিখেছেন, “হামারে ঘর মে আজ ভি ইয়াহি মহল হ্যায়… অভিনন্দন টিম ইন্ডিয়া!!” অনিল কাপুর লিখেছেন, ‘কি ম্যাচ, কী এক জয়। অভিনন্দন টিম ইন্ডিয়া। কী এক অসাধারণ ম্যাচ-অবিরাম মনোবল এবং একটি প্রাপ্য জয়!” অন্যদিকে টলিউড সুপারস্টার জিত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্ত-সকলেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছিল কিউইরা। জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ৬ বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।সেই সঙ্গে ২৫ বছর আগে ফাইনালে কিউইদের কাছে হারার বদলাও নিল রোহিতরা। তবে নিউজিল্যান্ডের সান্ত্বনা পুরস্কার প্রতিযোগিতার সর্বাধিক উইকেট শিকারি ও সর্বোচ্চ রান সংগ্রহকারী দুজনেইই দলের। জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। তবে শুরুতেই শুভমন গিল এবং বিরাট কোহলি আউট হওয়ার পরও অধিনায়ক রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রান করে ভারতকে জয়ের পথে এগিয়ে দেন। এর ফলে তিনি সচীন তেন্ডুলকরকে ছাড়িয়ে ভারতের সর্বোচ্চ স্কোরার ওয়ানডে অধিনায়ক হয়ে ওঠেন।
রোহিত আউট হওয়ার পর, শ্রেয়স আইয়ার (৪৮) এবং অক্ষর প্যাটেল (২৯) ৬১ রান যোগ করে ভারতকে এগিয়ে রাখেন। এরপর কেএল রাহুল অপরাজিত ৩৪ রান করেন, আর হার্দিক পান্ডিয়া ১৮ রান করেন। শেষ পর্যন্ত, রাহুল এবং রবীন্দ্র জাদেজা ম্যাচ শেষ করেন। এটি ভারতের তৃতীয় ICC চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা, ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিল ভারত এবং ২০১৩ সালে ‘ক্যাপ্টেন কুল’ এমএস ধোনির অধীনে দ্বিতীয় শিরোপা জিতেছিল। তৃতীয়বার রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতল ভারত।