নিজস্ব প্রতিনিধি : রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর যাদবপুরের ঘটনার ছবি ও ভিডিয়ো নিয়ে সন্ধ্যায় থানায় যাবেন এসএফআই নেতা। থানায় গিয়ে ওই ভিডিয়ো ও তার তথ্য যাচাই করবে গোয়েন্দারা।
এই নিয়ে এসএফআই নেতা সৃজন জানান, ‘তদন্তে সাহায্য করতে চাই। ওই দিনের ঘটনার সময়ে আমি ক্যাম্পাসে উপস্থিত না থাকলেও আমার কাছে সংগ্রহ করা কিছু ছবি এবং ভিডিয়ো রয়েছে। যা পুলিশকে তদন্তে সাহায্য করবে। এগুলো পুলিশের হাতে তুলে দেব। আমাকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে।তবুও আমি সবরকম সাহায্য করব তদন্তে।’
যাদবপুর কাণ্ড নিয়ে এর আগে এসএফআইয়ের তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। এই সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিয়ো দেখানো হয়েছিল এই বৈঠকে। সৃজনও সেখানে উপস্থিত ছিলেন। তার পরেই তাঁকে তলব করা হল। জানা গিয়েছে সন্ধ্যা ৬টা নাগাদ যাবতীয় তথ্য নিয়ে সৃজন যাদবপুর থানায় পৌঁছোবেন। সেখানে গিয়ে গোয়েন্দাদের মুখোমুখি কথা বলবেন তিনি। প্রয়োজনে তাকে জিজ্ঞসাবাদ করবে গোয়েন্দারা।
উল্লেখ্য, গত শনিবার(পয়লা মার্চ) উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। বেলার দিকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়।এমনকী অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে।ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছোতেই তার গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। জখম হন যাদবপুরের দুই ছাত্র। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের হাতে লাঞ্চিত হন। এই ঘটনায় তিনিও জখম হয়েছিলেন।