নিজস্ব প্রতিনিধিঃ ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। জখম হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই ঘটনার সঙ্গে যুক্ত এক পড়ুয়াকে আটক করল পুলিশ। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ঘটনায় যাদবপুর থানায় দায়ের হয়েছে মোট পাঁচটি FIR । ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
কী থেকে এই ঘটনার সূত্রপাত? শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল। আর সেই অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। রাজ্যের শিক্ষামন্ত্রীকে ‘গোব্যাক’ স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএসএফের সদস্যেরা। আর তাতেই শুরু হয় অশান্তি। হাসপাতালে উপাচার্যকে হেনস্থা থেকে রাতে ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগিয়ে দেওয়ার মতো একের পর এক ঘটনা ঘটে। এরপরই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুরু হয় পড়ুয়াদের জেনারেল বডি (জিবি)-র বৈঠক। রাতভর উত্তেজনা থাকলেও রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে।
অন্যদিকে শনিবার মন্ত্রীর গাড়িতে ভাঙচুরে অভিযুক্তদের ধরার দাবিতে থানায় অবস্থান শুরু করে তৃণমূল। এরপরই এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। তবে রবিবারও পথে থাকছে তারা। বিকেলে সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে বাম ছাত্র সংগঠনের।