নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকে দফায় দফায় চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি । আর তাতে ঘটল বিপত্তি। বাজ পড়ে প্রাণ হারালেন ইটভাটায় কাজ করতে আসা এক মহিলা কর্মী । সেইসঙ্গে জখম হয়েছেন চার জন । বৃহস্পতিবার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়।
জানা গিয়েছে, নিহত মহিলা হলেন ৩১ বছরের জবা মুদি। তিনি বোরো থানার আঁকরোর মুদিডি এলাকার বাসিন্দা। সেইসঙ্গে জখম হওয়া চার শ্রমিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে । সেখানে চলছে চিকিৎসা । বলা বাহুল্য, এদিন সকাল থেকে পুরুলিয়ার আকাশ ছিল মেঘলা । এখন পর্যন্ত এখানে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি । আর এরমাঝেই ঘটল মর্মান্তিক ঘটনা ।
অন্যদিকে সকাল গড়িয়ে দুপুর হতেই ঘোর সন্ধা নেমে এসেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া সহ বিস্তীর্ণ এলাকা।চারিদিকে কালো মেঘে অন্ধকার। একদিকে ঝড়ো হওয়া এবং হাল্কা বৃষ্টি অন্যদিকে ব্রজ্য বিদ্যুৎ।রাস্তা দিয়ে যান চলাচল করছে লাইট জ্বালিয়ে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে ঝড়ো হওয়া এবং বজ্র বিদ্যুৎ। রাজ্যে জারি হয়েছে কমলা-হলুদ সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়াই বজায় থাকবে। তার আগে হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই।