নিজস্ব প্রতিনিধিঃ হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা । এই আবহে বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে কন্যাডোবা ও পচাখালিতে সকাল থেকে শুরু হয় হাতির তাণ্ডব। আর তাতে আহত হয়েছেন দুজন গ্রামবাসী। তাদেরকে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা ।
জানা গিয়েছে , এদিন সকালে ঝাড়গ্রাম এর বেতকুন্দ্রী এলাকায় একটি হাতি হঠাৎ করেই ঢুকে পড়ে। আর সেইসময় এক ব্যক্তি আচমকাই দাঁতাল হাতির সামনে পড়ে যান। তাতেই আহত হন তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে । এরপর এলাকায় ছড়িয়ে পড়ে হাতি ঢুকে পড়ার খবর । সে সময় হাতির তাড়ায় আরো এক ব্যাক্তি আহত হয়। যদিও গ্রাম বাসীদের দাবি তিন জন আহত হয়েছে হাতির হামলায়। এলাকায় হাতির তাণ্ডবের খবর পেতেই ঘটনাস্থলে হাজির হন বনদফতরের কর্মীরা ।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে প্রায়শই হাতির তাণ্ডবের ঘটনা ঘটে । সম্প্রতি ঝাড়গ্রামের নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় ২৫টি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে। বিঘা বিঘা জমির ফসল নষ্ট হয়েছে ইতিমধ্যেই। চিন্তায় পড়েছে চাষিরা । এই আবহে ফের ঝাড়গ্রামে ঘটল হাতির তাণ্ডব । যদিও চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বনদফতরের কর্মীরা ।