নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেন বাতিল। আগামী পাঁচদিন শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকতে চলেছে ৩০০টি লোকাল ট্রেন । ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মিলবে না ট্রেন পরিষেবা। রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ বালিঘাট-বালিহল্ট রোডের মধ্যে ব্রিজের কাজ চলবে। সেইজন্য বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে ৩০০টি ট্রেন বাতিল থাকবে। যাত্রী সুবিধাই আমাদের মূল লক্ষ্য তাই দ্রুত কাজ শেষের চেষ্টা করা হচ্ছে। ‘
এই ট্রেন বাতিলের জন্য ডানকুনি লাইন, মেন লাইন এবং বারাসত লাইনের যাত্রীদের পড়তে হবে দুর্ভোগের মুখে । রেলের তরফে দেওয়া তথ্য অবুসারে , শিয়ালদহ-বারুইপাড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-বর্ধমান, দমদম ক্যান্টনমেন্ট- শিয়ালদহ, শিয়ালদহ-দত্তপুকুর , নৈহাটি-ব্যান্ডেল-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখায় আগামী পাঁচ দিন ৩০০ টি ট্রেন বাতিল থাকবে ।
উল্লেখ্য, ট্রেন বাতিলের জেরে সপ্তাহান্তে দুর্ভোগের শিকার হবেন নিত্য যাত্রীরা । সোমবারও ভোরের দিকে কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। সবমিলিয়ে সেই সংখ্যাটা ৩০০। বলা বাহুল্য, কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও ওভারহেড বা কখনও রেল ট্র্যাকের কাজের জন্য বাতিল হয়েছে একাধিক ট্রেন । তারজেরে বিপাকে পড়তে হয় নিত্য যাত্রীদের । এই আবহে এবার টানা পাঁচদিন বাতিল শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকতে চলেছে ট্রেন চলাচল।