নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার । আগামী সোমবার ( ২৭ জানুয়ারি ) শুনানি হবে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে । আর তা নিয়ে এবার প্রশ্ন তুলল সিবিআই ।
বুধবার সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন,’ রাজ্য কীভাবে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন ?’ সেইসঙ্গে উদাহরণ হিসাবে লালুপ্রসাদ যাদবের মামলার প্রসঙ্গও টেনে আনেন সিবিআইয়ের আইনজীবী । আর তাতেই বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী (পিপি) দেবাশিস রায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার হাইকোর্টের কাছে আবেদন করেছে ।
সোমবার (২১ জানুয়ারি) শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদন্ডের সাজা শুনিয়েছেন। সঞ্জয়ের সাজা নিয়ে ওই দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, আরজি কর কাণ্ডে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার সহ রাজ্য সরকারও। তাই দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার । আগামী সোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি। আর তারআগেই রাজ্য সরকারের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তুলল সিবিআই ।