নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের শুরুতেই চর্চায় রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেট অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।কেননা আইসিসির মেগা এই টুর্নামেন্ট শুরু হতে খুব বেশি দেরি নেই। এমন আবহে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এদিকে বিসিসিআই দল ঘোষণা করতে আরও বিলম্বিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল মুখ্য নির্বাচক অজিত আগারকরের নেতৃত্বে বিসিসিআই নির্বাচক কমিটি শনিবার একটি বৈঠকের পরে ১২ জানুয়ারির(রবিবার)মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের এবং টি২০ সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্থায়ী স্কোয়াড ঘোষণা করবে।
জানা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা আজ বা কালের মধ্যে নাও হতে পারে। আরও কিছুটা সময় চাইছে বিসিসিআই। বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হয়েছে কয়েকদিন আগেই। বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করতে আইসিসির কাছে আরও সময় চেয়েছে। সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারি দল ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে আগামী মাস থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে।দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে।সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। দুবাইয়ে এই ম্যাচ হবে।