নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার ধারে পড়ে রয়েছে যুবতীর দেহ। আর তাঁর পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে যুবকের দেহ। এমনই হাড়হিম করা ঘটনা ঘটল বীরভূম জেলার মহম্মদ বাজার থানা এলাকায়। মঙ্গলবার রাতে সালুকা গ্রামের বাসিন্দারা দেখেন রাস্তায় একধারে যুবতীর নিথর দেহ আর অন্যদিকে হাত- পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে যুবক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
পুলিশ সূত্রে খবর, নিহত মহিলা হলেন ২০ বছরের সুচিত্রা বাগদি। আর জখম ব্যক্তি হলেন বছর ২২-এর সন্দীপ দাস । তাঁরা দুজনেই স্বামী – স্ত্রী । স্থানীয়রাই প্রথম তাদেরকে রাস্তায় ধারে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে । তাঁরা এসে ওই যুবতীর দেহ উদ্ধার করে এবং স্বামীকে ভর্তি করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে । বর্তমানে সেখানেই চলছে সন্দীপের চিকিৎসা ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে দিন চারেক আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন সন্দীপ। মঙ্গলবার রাতে সেখান থেকেই বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন। আর তখনই বেশ কয়েকজন দুষ্কৃতী বাইক ছিনতাইয়ের চেষ্টা করে। এইসময় ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা সুচিত্রাকে খুন করে সন্দীপকে হাত – পা বেঁধে রেখে পালিয়ে যায় । ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা । তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।