নিজস্ব প্রতিনিধিঃ ফের ছন্দে ফিরছে শীত। নামতে চলেছে তাপমাত্রার পারদ এমনই সুখবর দিল আবহাওয়া দফতর। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, রাতে তাপমাত্রা কমতে পারে ৪ ডিগ্রি। তবে ভিলেন ফের পশ্চিমি ঝঞ্ঝা। আর তাতেই পৌষ সংক্রান্তির আগে বাড়তে পারে তাপমাত্রা ।
পূর্বাভাস অনুসারে, আগামী ১০ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসবে। তাই উর্ধ্বমুখী হতে পারে পারদ। তবে পশ্চিমি ঝঞ্ঝার আগে বঙ্গে থাকবে শীতের আমেজ। দুই – তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। সেইসঙ্গে বজায় থাকবে কুয়াশা। তাই দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় যানবাহন চলাচলেও সমস্যা পড়তে হবে আমজনতাকে ।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবে পারদ। দুই বাংলায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। আকাশ পরিস্কার থাকবে। আজ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, বুধবার সকাল থেকেই বইছে উত্তুরে হাওয়া। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। সারাদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯০ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই।