আন্তর্জাতিক ডেস্ক : চিনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ভয়ঙ্কর ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০ জনে। ভূমিকম্পে বহু ঘরবাড়ি-ভবন ধসে পড়েছে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ১৮৮ জন। তবে হতাহতের শঙ্কা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। ৪০০ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই ভূকম্পন অনুভূত হয়। এছাড়া দেশের বিভিন্ন অংশে ভূকম্পন অনুভূত হয়েছে।চিনের ডিংরি কাউন্টি ও এর আশপাশের এলাকায় তীব্রভাবে শক্তিশালী এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।
ইতিমধ্যেই দেশটির প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন থেকে ডিংরি কাউন্টির শহরতলিগুলোতে লোক পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও কাজ করে চলেছে। চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য প্রায় ১ হজার ৫০০ অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।